গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ
ছবি

বিএইচআরএফ-এর লোগো

দেশে সাম্প্রতিক সময়ে গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংগঠনটি বলেছে, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে শারীরিক নির্যাতন, অপমান, বেআইনিভাবে আটক কিংবা গণপিটুনির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।

বিবৃতিতে ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মানবাধিকারবিষয়ক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনের হাত ভেঙে গেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, শারীরিক নির্যাতন, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করতে হবে।

একই সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে স্থানীয় জনতার গণপিটুনি দেওয়ার ঘটনাও উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, শিশুদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি ও ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় পাঁচজন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টিও বিবৃতিতে তুলে ধরা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি কিংবা প্রতিহিংসার ক্ষেত্র হতে দেওয়া যাবে না বলে মনে করে বিএইচআরএফ।

এ ছাড়া গণপিটুনি, অগ্নিসংযোগ ও বেআইনি আটক বন্ধে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আহ্বানের বিষয়টি উল্লেখ করে সংগঠনটি বলেছে, গ্রেফতারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আটক ব্যক্তিদের আইনজীবীর সহায়তা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে যাওয়া, যৌন সহিংসতা, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করেছে সংগঠনটি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিচয় ও মর্যাদা রক্ষা এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিএইচআরএফের নেতারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। আইনের যথাযথ প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত, অপরাধের বিচার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই মানবাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটে।

তাঁরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা, সাক্ষীদের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে রাষ্ট্র, প্রশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
সানা/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘উন্নয়নের বিস্ময়’ বাংলাদেশ এখন গভীর সংকটের মুখে
১৮ নভেম্বর ২০২৬

‘উন্নয়নের বিস্ময়’ বাংলাদেশ এখন গভীর সংকটের মুখে

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

জমি হারিয়ে অস্তিত্বের সংকটে উত্তরাঞ্চলের ওরাও আদিবাসীরা
১৮ নভেম্বর ২০২৬

জমি হারিয়ে অস্তিত্বের সংকটে উত্তরাঞ্চলের ওরাও আদিবাসীরা

বদলাচ্ছে জীবনযাত্রা; হারানোর শঙ্কায় মাতৃভাষা ও সংস্কৃতি

শিক্ষক সংকটে চট্টগ্রাম মেরিন একাডেমি, ঝুঁকিতে আন্তর্জাতিক স্বীকৃতি
০৭ নভেম্বর ২০২৬

শিক্ষক সংকটে চট্টগ্রাম মেরিন একাডেমি, ঝুঁকিতে আন্তর্জাতিক স্বীকৃতি

তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ ব্যাহত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই