দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ ও পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং তৈরি পোশাক শিল্পের বিকাশে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। চলতি অর্থবছরে শ্রমিক ও পোশাক শিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে। এরপরও যেসব কর্মকাণ্ড চলছে, তাতে স্পষ্ট যে এর পেছনে থাকা মহলটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নের সাফল্যকে অস্বীকার করে একটি মহল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক কিংবা মালিকপক্ষের একার নয়। এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তৈরি পোশাক শিল্পের বিকাশের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে উৎপাদিত পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন কিংবা টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী নীতিগত সহায়তায় তা আরো এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময় এই শিল্পের প্রসার এবং শ্রমিকদের শতভাগ নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করতে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দেশের রফতানি ও অভিবাসন খাতের তথ্য তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করেছে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরো তিন বছর বাড়ানোর অনুমোদনকে বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।
গবেষণা ও তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা পথ দেখালেও গবেষণাই মূল ভিত্তি তৈরি করে। নির্ভরযোগ্য জাতীয় তথ্য-উপাত্ত আন্তর্জাতিক দরকষাকষি, বাণিজ্য সুবিধা, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করে। পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষাংশে শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি জাতির প্রকৃত সম্পদ তার সুউচ্চ অট্টালিকা দিয়ে নয়, বরং যারা এসব নির্মাণ করেন, তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা দিয়ে পরিমাপ করা হয়। জীবিকা নির্বাহের জন্য কোনো শ্রমিককে যেন নিজের জীবন বা স্বাস্থ্যের ঝুঁকি নিতে না হয়, সে লক্ষ্যেই গবেষণা ও তথ্য-প্রমাণ কাজে লাগিয়ে নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সানা/আপ্র/২২/১১/২০২৬