চলতি বছরে আর কোনো ফিফা আন্তর্জাতিক উইন্ডো অবশিষ্ট নেই। ফলে বছরের বাকি সময়ে জাতীয় ফুটবল দলের সূচিতে নতুন কোনো ম্যাচ থাকছে না। আগামী বছরের প্রথম ফিফা উইন্ডো গড়াবে ২২ থেকে ৩০ মার্চ। তবে তার আগেই বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
আগামী জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি পাঠিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তুরস্কের এই আমন্ত্রণ নিয়ে জাতীয় দল কমিটির সাম্প্রতিক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রস্তাবটির খুঁটিনাটি খতিয়ে দেখতে জাতীয় দলের সাবেক এক ম্যানেজার এবং জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর আবারও মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম লেগের খেলা শেষ হবে ১৬ জানুয়ারি, এরপর শুরু হবে মধ্যবর্তী দলবদলের বিরতি। ওই বিরতির সময়েও জাতীয় দলের ম্যাচ আয়োজনের বিষয়টি ভাবনায় রেখেছে ফেডারেশন।
তবে জানুয়ারির মাঝামাঝি কিংবা মধ্যবর্তী বিরতি কোনো সময়েই ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমের মতো প্রবাসী তারকাদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা কার্যত নেই।
এমন বাস্তবতায় সিনিয়র স্কোয়াডের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার পুরোনো পরিকল্পনাটি আবারও সামনে এনেছে জাতীয় দল কমিটি। সিনিয়র দল পাঠানো না গেলে তুরস্ক সফরে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিকল্প নিয়েও ভাবছে বাফুফে।
যদিও জানুয়ারিতে তুরস্কের প্রচণ্ড শীত, কিরগিজস্তানের পক্ষ থেকে দেওয়া লজিস্টিক ও আর্থিক সুযোগ-সুবিধা এবং দেশের সার্বিক পরিস্থিতি সব দিক বিচার-বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিসি/আপ্র/২২/১১/২০২৬