নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্সেনাল বিরতির পর পথ হারাল। অল্প সময়ে দুই গোল খেয়ে বসল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও, ব্যবধান গড়ে দিতে পারল না মিকেল আর্তেতার দল। নিউক্যাসলের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। প্রথমার্ধে আধিপত্য করে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে হার্ভি বার্নস সমতা টানার পর, মালিক চাওয়ের গোলে পাল্টা এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ননি মাদুয়েকের গোলে সমতায় মাঠ ছাড়ে সফরকারীরা।
রোমাঞ্চকর লড়াইয়ে দুই অর্ধে আক্রমণে ছড়ি ঘোরায় দুই দল। বল দখলে অবশ্য আধিপত্য আর্সেনালের। গোলের জন্য তাদের ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল। আর নিউক্যাসল ১২ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।
এখানে হোঁচট খেলেও টেবিলের শীর্ষস্থান অবশ্য মজবুতই থাকছে আর্সেনালের। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ব্রাইটন ২২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, ১১ ম্যাচ খেলেছে দলটি।
শুরুটা দারুণ হতে পারতো আর্সেনালের, দুর্ভাগ্যের বাধায় তা হয়নি। ষষ্ঠ মিনিটে দ্রুত ডি-বক্সে ঢুকে ননি মাদুয়েকের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও, পোস্টে বাধা পায়।
প্রায় ৬০ শতাংশ পজেশন রেখে পরের আধা ঘণ্টায় আরও চারটি শট নেয় আর্সেনাল, কিন্তু একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অবশেষে ৩৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রেখেই এগিয়ে যায় দলটি। নিজেদের সীমানা থেকে দ্রুত পাসিং ফুটবলে আক্রমণে উঠে, ডি-বক্সে দারুণ থ্রু বল বাড়ান কাই হাভার্টজ, আর ফাঁকায় বল পেয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন এজে। এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের এটাই প্রথম গোল।
প্রথমার্ধের শেষ দিকে আবার রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন মাদুয়েকে, কিন্তু গোলমুখে গিয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন এই ইংলিশ উইঙ্গার। প্রথমার্ধে পজেশন রাখায় কিংবা আক্রমণে অনেকটা পিছিয়ে থাকা নিউক্যাসল বিরতির পর আচমকাই গোল পেয়ে যায়। অবশ্য নিজেদের ভুলেই ৪৯তম মিনিটে গোলটি হজম করে আর্সেনাল। নিজেদের সীমানায় একটি থ্রোয়িং পায় আর্সেনাল, কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে বল হারিয়ে ফেলে দলটির অধিনায়ক মার্টিন ওদেগোর।
আর বল ধরেই দ্রুত ডি-বক্সে পাস বাড়ান উইলিয়াম ওসুলা, এবং ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন হার্ভি বার্নস। সমতায় ফিরে যেন উজ্জীবিত হয়ে ওঠে নিউক্যাসল, এবং ৬২তম মিনিটে এগিয়েও যায় তারা। প্রথমে কর্নারে বার্নসের হেড গোলমুখে প্রতিহত হওয়ার পর, গোললাইনের সামনে গোলরক্ষক ও দুই দলের আরও দুই খেলোয়াড় পড়ে যান, সেই সময় টোকায় বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার মালিক চাও।
পিছিয়ে পড়ে যেন খেই হারিয়ে ফেলে আর্সেনাল, আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে নিউক্যাসল। একের পর এক আক্রমণে উঠছিল সফলকারীরা, এবং ঘর সামলাতে ব্যস্ত সময় কাটছিল আর্তেতার দলের।
৭০তম মিনিটে আরেক ধাক্কাও খায় তারা, চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক দাভিদ রাইয়া। তবে তা বড় সমস্যা তৈরি করেনি তাদের জন্য। মাদুয়েকের নৈপুণ্যে ৭৮তম মিনিটে সমতায় ফিরতে পারে আর্সেনাল। ওদেগোরের পাস পেয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, জায়গা বানিয়ে জোরাল শটে গোলটি করেন ২৪ বছর বয়সি উইঙ্গার।
নির্ধারিত সময়ের পর, ৯ মিনিট যোগ করা হয়। কিন্তু কেউই ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেনি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে নিউক্যাসল।
ডিসি/আপ্র/২২/১১/২০২৬