মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) সকালে তাদের আটক করার পর গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)। পুলিশ তাদের দুজনকেই ছাত্রলীগের স্থানীয় সক্রিয় কর্মী হিসেবে শনাক্ত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টার লাগানো এবং রাতের আঁধারে সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আটক দুই কর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাদের আটক করে গাংনী থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়রা দুইজনকে আটক করার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তারা দুজনই ছাত্রলীগের সক্রিয় কর্মী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সানা/আপ্র/২২/১১/২০২৬