লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট যোশেফ আউন। একই সঙ্গে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের আগের দিন দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আউন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পথে দুটি বড় বাধার কথা তুলে ধরেন। এর একটি হলো, লেবাননের ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের দখলদারিত্ব। অন্যটি হলো, রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ইরানের প্রভাবশালী মহলের হস্তক্ষেপ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে আউন বলেন, ‘লেবানন দুটি পরস্পর সংযুক্ত ভাগ্যনির্ধারক পরীক্ষার মুখোমুখি। প্রথমটি হলো, আমাদের ভূমির কিছু অংশে ইসরায়েলি দখলদারিত্ব। দ্বিতীয়টি হলো, লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্তের মাধ্যমে ইরানি শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের বিদেশি হস্তক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘অবিচ্ছেদ্যভাবে যুক্ত এই দুটি মৌলিক প্রতিবন্ধকতার অর্থ হলো, লেবানন তার স্বাধীনতা পুরোপুরি উদযাপন করতে পারছে না।’
ইসরায়েলের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যান। আপনাদের হামলা বন্ধ করুন। আমাদের বন্দিদের ফিরিয়ে দিন।’
ইসরায়েলের আটক কেন্দ্রগুলোতে বহু লেবাননি নাগরিক বন্দি রয়েছেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে বেসামরিক নাগরিকদের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন। দক্ষিণ লেবাননে সংঘাতের সময় তাঁদের আটক করা হয়।
ভাষণে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন আউন। তিনি স্পষ্ট করে বলেন, ‘রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকবে না, যা বিদেশি শক্তির নির্দেশে চলে বা বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করে।’
তিনি আরো বলেন, ‘আপনাদের অবশ্যই আপনাদের অস্ত্রগুলো হস্তান্তর করতে হবে।’
লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর অস্ত্রভাণ্ডার দেশটির জাতীয় সেনাবাহিনীর সক্ষমতাকেও অনেক আগেই ছাড়িয়ে গেছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজেদের অস্ত্রভাণ্ডার প্রয়োজন বলে দাবি করে আসছে হিজবুল্লাহ।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর জুনে লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
তবে ইসরায়েলের অব্যাহত হামলা এবং হিজবুল্লাহর অস্ত্র সমর্পণে অস্বীকৃতির কারণে চুক্তির বাস্তবায়ন কার্যত থমকে রয়েছে। সূত্র: আল জাজিরা
সানা/আপ্র/২২/১১/২০২৬