গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র শাহ, আলোচনায় বড় অর্থনৈতিক প্যাকেজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৭ এএম ২০২৬
প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র শাহ, আলোচনায় বড় অর্থনৈতিক প্যাকেজ
ছবি

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে রোববার ভারত গেছেন বালেন্দ্র শাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে তাঁর এই যাত্রা। সোমবার নয়াদিল্লিতে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরে নেপালের জন্য ২০০ কোটি ডলারের অনুদান ও ঋণসহায়তার প্রস্তাব নিয়েও অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নতুন বিমান চলাচল পথের বিষয়ে দুই দেশের মধ্যে এখনো সমঝোতা হয়নি।

রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বরের এই সফর বালেন্দ্র শাহের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। রোববার নেপাল এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে কাঠমান্ডু ছাড়ার কথা তাঁর। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর কথা ভারতের বাণিজ্য ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের।

সফরের প্রথম দিন রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে শাহের। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। বেলা ১১টায় হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন নেপালের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় এবং যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শাহ।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদল থাকছে। এতে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার বিয়াঞ্জনকারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া দেশটির বেসরকারি খাতের ৫২ জন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী নিজ খরচে সফরে অংশ নিচ্ছেন।

২০০ কোটি ডলারের সহায়তা ও বিমান চলাচল পথ নিয়ে আলোচনা: নেপালের জন্য ২০০ কোটি ডলারের অনুদান ও ঋণসহায়তা পেতে নয়াদিল্লির ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। সফরের আগে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে সহায়তার পরিমাণ, শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

নেপালের দীর্ঘদিনের দাবি, ভারতীয় আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আরো কয়েকটি প্রবেশপথ খুলে দেওয়া। বিশেষ করে মহেন্দ্রনগর ও ভৈরহাওয়া রুট চালুর বিষয়ে কাঠমান্ডু আগ্রহী। কিন্তু এ বিষয়ে দুই দেশের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। ভারতের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন ও উন্নয়ন সহযোগিতার মতো খাতে কয়েকটি সমঝোতা স্মারক বিনিময়ের কথা রয়েছে। দুই দেশ উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে একটি যৌথ রূপরেখা এবং যৌথ বিবৃতি প্রকাশের বিষয়েও আলোচনা করছে।

যাত্রা শুরু হচ্ছে অযোধ্যা-জনকপুর ট্রেন: সফরের অন্যতম আকর্ষণ অযোধ্যা ও জনকপুর ধামের মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু। সোমবার দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এ পরিষেবার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রামায়ণ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রের মধ্যে এই রেল যোগাযোগ চালু হলে তীর্থযাত্রা, ধর্মীয় পর্যটন ও দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে।

এ ছাড়া নেপালের পানৌতিতে পুলিশ একাডেমির নতুন ভবন, দারচুলায় সেতু এবং ভৈরহাওয়ায় সমন্বিত শুল্ককেন্দ্রসহ ভারতীয় অর্থায়নে কয়েকটি প্রকল্প উদ্বোধন বা নির্মাণকাজ শুরুর কর্মসূচি রয়েছে। অমলেখগঞ্জ-চিতওয়ান পেট্রোলিয়াম পাইপলাইন প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বন্যা পুনর্গঠনেও ভারতের সহায়তা চাইবে নেপাল: এবারের সফরে নেপালের জন্য ভারতের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত আগস্টে ভয়াবহ বন্যায় দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই দুর্যোগে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ৫ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র, কৃষিজমি ও বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবকাঠামো পুনর্র্নিমাণে ভারতের সহায়তা চাইবে কাঠমান্ডু।

ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বন্যার পর ভারতই প্রথম দেশ হিসেবে নেপালকে সহায়তা দিতে এগিয়ে এসেছিল। দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগ সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে। নেপালে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের প্রতিযোগিতাও এ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।

সব মিলিয়ে বালেন্দ্র শাহের এই সংক্ষিপ্ত সফরে অর্থনৈতিক সহায়তা, জ্বালানি, রেল ও বিমান যোগাযোগ এবং বন্যা-পরবর্তী পুনর্গঠন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা করছে নেপাল। সোমবারের বৈঠক ও সমঝোতাগুলো দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স, কাঠমান্ডু পোস্ট, ভারতীয় সংবাদমাধ্যম ও নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের
২২ নভেম্বর ২০২৬

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নি...

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা

ইসরায়েলের সঙ্গে কৌশলগত স্বার্থে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই