গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৭ এএম ২০২৬
ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান রাহুল, বাম মিত্রদের সমালোচনা
ছবি

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় অংশ নেন রাহুল গান্ধী - ছবি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

ইসরায়েলের সঙ্গে কৌশলগত স্বার্থে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানেরও নিন্দা জানিয়েছেন তিনি। তাঁর এই অবস্থান কংগ্রেসের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এ নিয়ে দলটির বামপন্থী মিত্রদের মধ্যেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাহুল। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়।

রাহুল বলেন, ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে। তিনি ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক সমর্থন করেন। কারণ, ভারতের সঙ্গে দেশটির কৌশলগত স্বার্থ জড়িত। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র কেনার বিষয়টিও রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখার অর্থ গাজা পরিস্থিতি নিয়ে নীরব থাকা নয়।

রাহুলের ভাষায়, ‘৭ অক্টোবরের হামলা ও নিরীহ মানুষ হত্যার নিন্দা জানাই। গাজায় ইসরায়েল যা করেছে, তারও নিন্দা জানাই। একটি অন্যায় আরেকটি অন্যায়কে বৈধতা দিতে পারে না। আমরা ১৫০ কোটি মানুষের দেশ। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন- কোনো দেশই বিশ্বমঞ্চে আমাদের যথাযথ ভূমিকা পালন থেকে আটকে রাখতে পারে না। ভারতকে তার বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে।’

বিজয়নের সমালোচনা, নেহরুর উত্তরাধিকার ক্ষুণ্নের অভিযোগ: রাহুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের ঘনিষ্ঠ মিত্র ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআইএমের নেতা এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে রাহুলের মন্তব্য কংগ্রেসের স্পষ্ট দ্বিচারিতা প্রকাশ করেছে।

বিজয়ন বলেন, রাহুলের সাম্রাজ্যবাদপন্থী অবস্থান ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রাজনৈতিক ও পররাষ্ট্রনীতির উত্তরাধিকারকে ক্ষুণ্ন করছে। নেহরুর পররাষ্ট্রনীতি সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামের প্রতি দৃঢ় সংহতির ওপর প্রতিষ্ঠিত ছিল।

তিনি আরো বলেন, গাজায় যখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে এবং হাজার হাজার নিরপরাধ শিশু প্রাণ হারাচ্ছে, তখন রাহুল প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক ও দেশটি থেকে অস্ত্র কেনার পক্ষে কথা বলছেন। এই পরিস্থিতিতে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানবতা যখন বিচারের মুখোমুখি, তখন ভারসাম্য রক্ষার সুযোগ নেই।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি বাম মিত্রদের: কংগ্রেসের আরেক মিত্র সিপিআই (এমএল) লিবারেশনও ভারতের সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য রাহুলের বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে লিখেছেন, নাৎসি জার্মানি কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেমন কৌশলগত সম্পর্ক রাখা সম্ভব ছিল না, তেমনি গাজায় গণহত্যা এবং ফিলিস্তিনের ওপর ইসরায়েলের ঔপনিবেশিক দখলদারিত্বকে স্বাভাবিক করা, সমর্থন করা কিংবা হালকাভাবে দেখার সুযোগ নেই।

তিনি আরো বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের বিদ্যমান কৌশলগত সম্পর্ক, আদানি-নেতৃত্বাধীন করপোরেট বাণিজ্যের ক্রমবৃদ্ধি, যার মধ্যে অস্ত্র সরবরাহও রয়েছে, এবং ইসরায়েলের নজরদারি প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার ব্যবহার ইতিমধ্যে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি, পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতা এবং দেশের অভ্যন্তরীণ গণতন্ত্র ও শাসনব্যবস্থার ক্ষতি করেছে।

ভারতের প্রতিরক্ষা কিংবা জাতীয় নিরাপত্তার প্রয়োজনের অজুহাতে এসব সম্পর্ককে যৌক্তিক প্রমাণ না করে যত দ্রুত সম্ভব তা বন্ধ করার আহ্বান জানান তিনি।

দীপঙ্কর ভট্টাচার্য ইসরায়েলকে ‘গণহত্যাকারী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়ে বলেন, বিশ্বজুড়ে নিন্দা সত্ত্বেও নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখা যায় না।

রাহুলের বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা নিয়ে দেশটির সরকারের সমালোচনা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহুর কঠোর নীতির কারণে গাজায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার মাত্র কয়েক দিন আগে মোদী ইসরায়েল সফর করেছিলেন।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলেছিলেন প্রিয়াঙ্কা: কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক। ২০২৫ সালের ১২ আগস্ট তিনি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে এ বিষয়ে ভারত সরকারের নীরবতাকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের প্রতীক হিসেবে তিনি ফিলিস্তিন লেখা ব্যাগও ব্যবহার করেছেন।

গত জুনে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিবন্ধে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, জাতীয় স্বার্থের বিবেচনাতেই গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যামূলক কর্মকাণ্ড এবং অধিকৃত পশ্চিম তীরে লাখ লাখ ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুতি ও অধিকার হরণের বিরুদ্ধে বিশ্বজনমতের সঙ্গে ভারতের সংহতি প্রকাশ করা প্রয়োজন। মোদী সরকারের অব্যাহত নীরবতা যুক্তিসংগত কিংবা নৈতিকভাবে ব্যাখ্যা করা যায় না।

হামাসের হামলার পর কংগ্রেসের অবস্থানে পরিবর্তন: ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন থাকলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর কংগ্রেসকে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়তে হয়। হামলার পরপরই দলটি হামাসের নাম উল্লেখ করে নিন্দা জানানো কিংবা ঘটনাটিকে সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করা থেকে বিরত ছিল।

তবে দলের নেতা শশী থারুর এ অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। ২০২৩ সালের ৯ অক্টোবর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি হামাসের নাম উল্লেখ করে হামলার নিন্দা জানানো এবং একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে প্রস্তাব গ্রহণের দাবি জানান।

তখন তাঁর প্রস্তাব গ্রহণ করা না হলেও এর পরপরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইসরায়েলের জনগণের ওপর হামাসের নৃশংস হামলার নিন্দা জানান। একই সঙ্গে গাজা অবরোধ, বোমা হামলা এবং বেসামরিক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার অভিযানকেও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

পরবর্তী সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আরব দেশগুলোর প্রস্তাবিত ইসরায়েল-হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে ভোটাভুটি হয়। ওই প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকলে মোদী সরকারের সমালোচনায় বাম দলগুলোর সঙ্গে যোগ দেয় কংগ্রেস।

রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যে তাই ভারতের পররাষ্ট্রনীতি, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সংহতির প্রশ্নে কংগ্রেস ও তার মিত্রদের মধ্যে মতপার্থক্য নতুন করে সামনে এসেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের
২২ নভেম্বর ২০২৬

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার পাঠানোর প্রস্তুতি ইরানের

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তুতি নি...

প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র শাহ, আলোচনায় বড় অর্থনৈতিক প্যাকেজ
২২ নভেম্বর ২০২৬

প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র শাহ, আলোচনায় বড় অর্থনৈতিক প্যাকেজ

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে রোববার ভারত গেছেন বালেন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই