যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে টানা তিন দিন হরমুজ প্রণালীতে সাঁতার কেটেছেন ব্রিটিশ দীর্ঘপাল্লার সাঁতারু লুইস পিউ। তিন দিনে কৌশলগত এই জলপথে প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কেটেছেন ৫৬ বছর বয়সী এই সাঁতারু। তিনি জাতিসংঘের মহাসাগর বিষয়ক পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ইংল্যান্ডের ডেভন জেলার প্লাইমাউথ শহরে জন্ম নেওয়া লুইস পিউ এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ মানুষের অপরিসীম দুর্ভোগ ডেকে আনে। কিন্তু প্রকৃতিও যুদ্ধের আরেকটি শিকার, যার দিকে খুব কমই নজর দেওয়া হয়।
সংঘাত বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে দীর্ঘপাল্লার সাঁতার কাটার চেষ্টা করা প্রথম ব্যক্তি লুইস পিউ। ওমানের মুসানদাম উপদ্বীপ থেকে যাত্রা শুরু করে প্রণালির কেপ অব হরমুজের একাংশ ঘুরে তিনি প্রায় ১৫ কিলোমিটার পথ সাঁতরান।
লুইস পিউ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সাঁতারের প্রথম দিন পানিতে নামার প্রায় আধা ঘণ্টার মধ্যে তাঁর অবস্থান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের সমুদ্র কেঁপে ওঠে। পরিস্থিতির কারণে তাঁকে সাময়িকভাবে সাঁতার বন্ধ করে নিরাপদ স্থানে ফিরে যেতে হয়।
দ্বিতীয় দিন প্রণালির একটি ভূখণ্ডের ওপারে আগুনের শিখা দেখতে পান তিনি। ওই এলাকার কাছেই ছিল ‘তারা গ্যাস’ নামের তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী একটি জাহাজ। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত জাহাজটির খুব কাছ দিয়েই সাঁতরে যান লুইস।
তিনি বলেন, ওই মুহূর্তে তাঁর প্রথম চিন্তা ছিল জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা নিয়ে। আগুনের শিখা ছিল বিশাল। জাহাজগুলো অত্যন্ত দাহ্য গ্যাস বহন করে। এ ধরনের জাহাজে হামলা হলে শুধু নাবিকদের জীবনই বিপন্ন হয় না, আশপাশের সামুদ্রিক পরিবেশও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
লুইস পিউয়ের মতে, যুদ্ধের কারণে পরিবেশের যে ক্ষতি হয়, তা প্রায়ই মানবিক বিপর্যয়ের তুলনায় কম গুরুত্ব পায়। অথচ যুদ্ধের প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি দৃশ্যমান হলেও প্রকৃতির ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব অনেক সময় থেকে যায় কয়েক দশক, এমনকি তারও বেশি সময়।
তিনি বলেন, যুদ্ধ মানুষের অপরিসীম দুর্ভোগ সৃষ্টি করে। এতে প্রাণহানি ঘটে, পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘরবাড়ি, হাসপাতাল ও বিদ্যালয় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যুদ্ধের আরেকটি শিকার রয়েছে, যার দিকে খুব কমই নজর দেওয়া হয়। সেটি হলো প্রকৃতি। যুদ্ধ থেমে যাওয়ার বহু পরেও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব থেকে যেতে পারে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এই জলপথে সামরিক সংঘাত ও জাহাজে হামলার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের পাশাপাশি সামুদ্রিক পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
তবে হরমুজ প্রণালী শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, এটি সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যেরও আবাসস্থল। এখানে ডুগং, সামুদ্রিক কচ্ছপ, তিমি হাঙরসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর বসবাস।
লুইস পিউ সতর্ক করে বলেন, জাহাজে হামলার ফলে তেল নিঃসরণ ও অন্যান্য রাসায়নিক দূষণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রবাল প্রাচীর, সামুদ্রিক ঘাসের তৃণভূমি এবং ম্যানগ্রোভ বন মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এসব ক্ষতির প্রভাব সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘদিন ধরে বজায় থাকতে পারে।
তাঁর আহ্বান, যুদ্ধ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং সংঘাতের কারণে সৃষ্ট দূষণ পরিষ্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে। সূত্র: বিবিসি
সানা/আপ্র/২২/১১/২০২৬