লোহার তৈরি কোনো জিনিস কিছুদিন বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে থাকলে তাতে লালচে-বাদামি আস্তরণ পড়ে। একে মরিচা বলা হয়। অথচ সোনার তৈরি অলংকার দীর্ঘদিন ব্যবহার বা সংরক্ষণ করলেও সাধারণত এমন মরিচা পড়ে না। এমনকি হাজার বছর পুরোনো অনেক সোনার জিনিসেও এখনো ধাতুটির স্বাভাবিক উজ্জ্বলতা দেখা যায়। এর পেছনে রয়েছে সোনার বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্য।
রসায়নের ভাষায় সোনাকে বলা হয় অভিজাত ধাতু। এর অর্থ, সাধারণ পরিবেশে সোনা সহজে অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। বাতাসের অক্সিজেন, পানি কিংবা আর্দ্রতার সংস্পর্শে এলেও খাঁটি সোনা সহজে জারিত হয় না। ফলে এর গায়ে লোহার মতো মরিচার আস্তরণ তৈরি হয় না।
অন্যদিকে, লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও পানি বা আর্দ্রতার বিক্রিয়ায় আয়রন অক্সাইড তৈরি হয়। এই আয়রন অক্সাইডই মরিচা নামে পরিচিত। ধীরে ধীরে মরিচা লোহার উপরিভাগ ক্ষয় করে এবং ধাতুটিকে দুর্বল করে দেয়।
সোনার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। সোনার পরমাণু সাধারণ পরিবেশে অক্সিজেনের সঙ্গে সহজে বিক্রিয়া করে না। ফলে এর উপরিভাগে সাধারণত অক্সাইডের স্তর তৈরি হয় না। এ কারণেই সোনার রং ও উজ্জ্বলতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
ব্রিটিশ রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির তথ্য অনুযায়ী, সোনা রাসায়নিকভাবে অত্যন্ত কম সক্রিয়। তবে বিশেষ রাসায়নিক পরিবেশে এটি দ্রবীভূত হতে পারে। যেমন নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি অ্যাকোয়া রেজিয়া সোনাকে দ্রবীভূত করতে সক্ষম।
তবে খাঁটি সোনা সহজে ক্ষয় না হলেও বাজারে বিক্রি হওয়া সব অলংকার পুরোপুরি বিশুদ্ধ সোনার তৈরি নয়। অলংকারকে শক্ত ও টেকসই করতে সোনার সঙ্গে তামা, রুপা কিংবা অন্য ধাতু মেশানো হয়।
২৪ ক্যারেট সোনাকে প্রায় বিশুদ্ধ সোনা হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ২২, ১৮ কিংবা ৯ ক্যারেটের অলংকারে সোনার পাশাপাশি অন্য ধাতুও থাকে। এসব মিশ্র ধাতুর কিছু উপাদান বাতাসের সালফারযুক্ত গ্যাস কিংবা অন্যান্য রাসায়নিকের সংস্পর্শে এসে কালচে হয়ে যেতে পারে। ফলে অলংকারের রং পরিবর্তিত বা মলিন দেখাতে পারে।
কানাডার কনজারভেশন ইনস্টিটিউটের তথ্যেও বলা হয়েছে, খাঁটি সোনা ক্ষয়প্রাপ্ত হয় না। তবে সোনার সংকর ধাতুতে থাকা তামা ও রুপার মতো উপাদান কালচে হয়ে যেতে পারে।
দীর্ঘদিন উজ্জ্বলতা ধরে রাখা, সহজে ক্ষয় না হওয়া এবং বিদ্যুৎ পরিবহনের ভালো ক্ষমতার কারণে অলংকার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সোনা ব্যবহৃত হয়। কম্পিউটার চিপ, বৈদ্যুতিক সংযোগ এবং চিকিৎসাসামগ্রীর কিছু অংশেও সোনার ব্যবহার রয়েছে।
অর্থাৎ, সোনার মূল্য শুধু এর বিরলতা ও সৌন্দর্যের কারণে নয়, বরং এর বিশেষ রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের কারণেও। সাধারণ পরিবেশে সহজে মরিচা না পড়া সোনার এমনই একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
এসি/আপ্র/২২/১১/২০২৬