জীবন মানেই কি শুধু কাজ, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন? সকাল থেকে রাত পর্যন্ত অফিস, সংসার কিংবা ব্যক্তিগত নানা ব্যস্ততায় নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। অথচ মাঝেমধ্যে সব ব্যস্ততা পাশে সরিয়ে একটু ঘুরে বেড়ানো, নতুন পথ চেনা কিংবা প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোও জরুরি। এতে একঘেয়েমি কাটে, মনও হয়ে ওঠে সতেজ।
এমনই আনন্দের উপলক্ষ নিয়ে প্রতিবছর ২২ নভেম্বর পালিত হয় ‘গো ফর আ রাইড দিবস’। দিনটির মূল বার্তা হলো, চেনা রুটিন থেকে একটু বিরতি নিয়ে বেরিয়ে পড়ুন নিজের পছন্দের পথে।
কেন পালিত হয় গো ফর আ রাইড দিবস?
গো ফর আ রাইড দিবসের উদ্দেশ্য মানুষকে ঘরের বাইরে বেরিয়ে ঘুরে বেড়াতে উৎসাহিত করা। এখানে ভ্রমণ বলতে শুধু মোটরসাইকেল বা গাড়িতে চড়াকে বোঝায় না। সাইকেল চালানো, ঘোড়ায় চড়া কিংবা পায়ে হেঁটে নতুন কোনো জায়গা ঘুরে দেখাও হতে পারে উদযাপনের অংশ।
প্রতিদিনের চেনা পরিবেশ থেকে বেরিয়ে নতুন কিছু দেখা, প্রকৃতির কাছাকাছি যাওয়া এবং নিজের পছন্দের কাজের মাধ্যমে সময় কাটানোই এ দিনের আনন্দ। এ জন্য দীর্ঘ ভ্রমণের প্রয়োজন নেই। বাড়ির কাছাকাছি কোনো পার্ক, নদীর পাড় কিংবা খোলা জায়গায় কিছুক্ষণ ঘুরে এলেও দিনটি বিশেষ হয়ে উঠতে পারে।
যেভাবে উদযাপন করবেন দিনটি
সাইকেলে বেরিয়ে পড়ুন
সাইকেল চালাতে ভালোবাসলে আজকের দিনটি হতে পারে নিজের শখ পূরণের সুযোগ। সকালে বা বিকেলে পরিচিত কোনো রাস্তা ধরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। সম্ভব হলে বন্ধুদেরও সঙ্গে নিতে পারেন। এতে শরীরচর্চার পাশাপাশি মনও ভালো থাকবে। তবে নিরাপদ রাস্তা বেছে নেওয়া এবং হেলমেট ব্যবহার করা জরুরি।
পরিবারের সঙ্গে ছোট ভ্রমণ
কাজের ব্যস্ততায় পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময় ভালোভাবে সময় কাটানো হয় না। আজ তাদের নিয়ে কাছাকাছি কোনো পার্ক, লেক কিংবা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যেতে পারেন। সঙ্গে রাখতে পারেন পছন্দের খাবার। একসঙ্গে গল্প, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হতে পারে সুন্দর স্মৃতি।
বন্ধুদের নিয়ে সড়কভ্রমণ
মোটরসাইকেল বা গাড়িতে বন্ধুদের নিয়ে কাছাকাছি কোনো গন্তব্যে ঘুরে আসতে পারেন। খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। শহরের বাইরে নিরিবিলি কোনো জায়গা কিংবা পরিচিত পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন। তবে চালকের পর্যাপ্ত বিশ্রাম, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
প্রকৃতির কাছাকাছি সময় কাটান
ঘুরতে বের হতে সব সময় যানবাহনের প্রয়োজন নেই। চাইলে হাঁটতে হাঁটতে কোনো পার্ক, বাগান কিংবা নদীর পাড়ে চলে যেতে পারেন। খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসে থাকা, পাখির ডাক শোনা কিংবা গাছপালার সৌন্দর্য উপভোগ করাও হতে পারে দিনটি উদযাপনের সুন্দর উপায়।
একাই ঘুরতে যান
ঘুরতে যাওয়ার জন্য সব সময় সঙ্গী প্রয়োজন হয় না। নিজের পছন্দের কোনো জায়গায় একাই বেরিয়ে পড়তে পারেন। পছন্দের খাবারের দোকানে বসে কফি পান, বইয়ের দোকানে সময় কাটানো কিংবা নতুন কোনো রাস্তা চিনে নেওয়ার মধ্যেও রয়েছে নিজের সঙ্গে সময় কাটানোর আলাদা আনন্দ।
ছবি তুলে স্মৃতি ধরে রাখুন
ভ্রমণের সময় সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারেন। বন্ধুদের সঙ্গে ছবি, রাস্তার দৃশ্য, প্রকৃতির সৌন্দর্য কিংবা নতুন কোনো খাবারের ছবি তুলে রাখুন। চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে নিজের ভ্রমণের অভিজ্ঞতাও ভাগ করে নিতে পারেন।
বাংলাদেশে যেসব জায়গায় ঘুরতে পারেন
বাংলাদেশে ছোট ভ্রমণের জন্য জায়গার অভাব নেই। ঢাকায় থাকলে হাতিরঝিল, রমনা পার্ক, ধানমন্ডি লেক কিংবা পুরান ঢাকার ঐতিহাসিক এলাকাগুলো ঘুরে দেখতে পারেন। ঢাকার বাইরে সময় থাকলে সোনারগাঁ, জিন্দা পার্ক কিংবা মেঘনা নদীর পাড়ে ঘুরে আসা যায়। আর হাতে এক বা একাধিক দিন থাকলে পাহাড়, সমুদ্র কিংবা সবুজে ঘেরা গ্রাম হতে পারে ভ্রমণের গন্তব্য।
আনন্দের পাশাপাশি নিরাপত্তাও জরুরি
ঘুরতে বেরিয়ে আনন্দের পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে। মোটরসাইকেল চালালে অবশ্যই হেলমেট পরুন, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। অতিরিক্ত গতিতে যানবাহন চালানো কিংবা ক্লান্ত অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি ভ্রমণস্থলের পরিবেশ পরিষ্কার রাখুন। যত্রতত্র ময়লা ফেলবেন না।
পথের আনন্দও উপভোগ করুন
জীবনের প্রতিটি মুহূর্ত শুধু কাজ আর দায়িত্বের মধ্যে আটকে রাখার প্রয়োজন নেই। কখনো কখনো নির্দিষ্ট কোনো গন্তব্য ছাড়াই বেরিয়ে পড়া যায়। নতুন রাস্তা, অচেনা দৃশ্য কিংবা প্রিয়জনের সঙ্গে কাটানো কয়েকটি ঘণ্টাও হয়ে উঠতে পারে মনে রাখার মতো অভিজ্ঞতা।
তাই ২২ নভেম্বরের এই দিনে সুযোগ থাকলে একটু সময় বের করুন। সাইকেল, গাড়ি, মোটরসাইকেল কিংবা নিজের দুই পা—যে মাধ্যমেই হোক, বেরিয়ে পড়ুন। কারণ জীবনে শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, পথ চলার আনন্দ উপভোগ করাও জরুরি।
সূত্র: টাইম অ্যান্ড ডেট, হলিডে ইনসাইডস ও মিডিয়াম
এসি/আপ্র/২২/১১/২০২৬