‘আমি রূপনগরের রাজকন্যা, পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লাহ আমায় বানাইছে রূপবান’—এমন কথার সুরে নতুন গানে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানের কথার সঙ্গে মিল রেখে বাস্তবেও নিজেকে রূপনগরের রাজকন্যা বলে মনে করেন তিনি।
গতকাল অন্তর্জালে প্রকাশিত হয়েছে সালমার নতুন গান ‘রূপকুমারী’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান। পিয়ালের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটির দৃশ্যায়ন।
গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির দৃশ্যায়নে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান।
গানটির একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে সালমা নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’
এদিকে গান ও মঞ্চ পরিবেশনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে সালমার। সপ্তাহখানেক আগেই প্রকাশিত হয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। সম্প্রতি রেকর্ড করেছেন আরো একটি নতুন গান। পাশাপাশি চলছে সরাসরি সংগীত পরিবেশনা। তিন দিন আগেই চট্টগ্রামে গান গেয়েছেন তিনি।
সালমা জানিয়েছেন, শীত মৌসুমেও দেশের বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নিতে ছুটে বেড়াবেন তিনি।
এসি/আপ্র/২২/১১/২০২৬