গানই যেন তাঁর জীবনের সঙ্গী। মঞ্চ হোক কিংবা অন্য কোনো জায়গা—সোনু নিগমের উপস্থিতি মানেই জমে উঠতে পারে সংগীতের আসর। এবার বিমানের ভেতরেও দেখা গেল এমন দৃশ্য। মুম্বাইগামী একটি ফ্লাইটে যাত্রীদের অনুরোধে একের পর এক জনপ্রিয় গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন বলিউডের এই সংগীতশিল্পী। মুহূর্তেই বিমানের পরিবেশ পরিণত হয় আনন্দময় সংগীতের আসরে।
গত শুক্রবার (২০ নভেম্বর) ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এর আগের দিন এইমস রায়পুরের ওরিয়ানা উৎসবে সংগীত পরিবেশন করেন সোনু নিগম। সেখান থেকে মুম্বাই ফেরার পথেই ঘটে এই আনন্দময় ঘটনা।
বিমানে সোনু নিগমকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যাত্রীরা। একপর্যায়ে তাঁরা তাঁর জনপ্রিয় গান ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহুঁ’ গাইতে শুরু করেন। যাত্রীদের এমন ভালোবাসার মুহূর্ত নিজের মুঠোফোনে ধারণ করেন সোনু। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘উস্কানি’ শব্দটির যদি ভালোবাসায় ভরা কোনো সংগীতময় অর্থ থাকত, তবে এটিই হতো তার নিখুঁত উদাহরণ।
তবে যাত্রীদের উচ্ছ্বাস সেখানেই থেমে থাকেনি। সিটবেল্টের সংকেত বন্ধ হওয়ার পরও অনেক যাত্রী আসন ছেড়ে নামার প্রস্তুতি নেননি। বিষয়টি লক্ষ করেন সোনু। তিনি বুঝতে পারেন, যাত্রীরা তাঁর কাছ থেকে সরাসরি গান শোনার অপেক্ষায় রয়েছেন। সেই মুহূর্তের আরেকটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, সিটবেল্টের সংকেত বন্ধ হয়ে গেলেও যাত্রীরা বসে আছেন। যা স্পষ্ট করে দিচ্ছে, তাঁরা ‘গান শুরুর’ অপেক্ষায়।
এরপর আর দেরি করেননি এই সংগীতশিল্পী। বিমানের করিডোরে দাঁড়িয়ে যাত্রীদের অনুরোধে গান গাইতে শুরু করেন তিনি। একে একে পরিবেশন করেন ‘কিসকা হ্যায় তুমকো ইন্তেজার’, ‘ম্যায় হুঁ না’, ‘তুঝে লাগে না নজরিয়া’ ও ‘কাল হো না হো’। যাত্রীদের অনুরোধে গেয়েছেন ‘বিজুরিয়া’ এবং ‘হার ঘড়ি বদল রহি হ্যায় জিন্দেগি’ গানও।
বিমানের ভেতরে এমন আকস্মিক সংগীত আয়োজন যাত্রীদের জন্য হয়ে ওঠে দারুণ এক অভিজ্ঞতা। প্রিয় শিল্পীকে এত কাছ থেকে গান গাইতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। সোনু নিগমের এই ব্যতিক্রমী মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
এসি/আপ্র/২২/১১/২০২৬