নামাজ, কোরআন তিলাওয়াত ও অজুসহ প্রতিটি ইবাদতের কিছু সুন্নত রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সুন্নত আমলের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সুন্নত আমল ইবাদতের পূর্ণতা ও সৌন্দর্য বাড়ায়। তাই ইবাদত যথাযথভাবে সম্পন্ন করতে সুন্নত পালনে সচেষ্ট থাকা প্রয়োজন।
ইসলামি বিধান অনুযায়ী, ফরজ হলো প্রতিটি ইবাদতের মূল ভিত্তি। এর পাশাপাশি সংশ্লিষ্ট সুন্নত আমল ইবাদতকে আরও পরিপূর্ণ করে। তবে সুন্নত পালন না করলে ইবাদত সহিহ হবে না—এমন ধারণা সঠিক নয়।
উদাহরণ হিসেবে বলা যায়, অজু করার সময় পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও কেউ যদি হাত ও মুখ তিনবার ধোয়ার পরিবর্তে একবার ধৌত করেন, তাহলেও তার অজু সহিহ হবে। সেই অজু দিয়ে নামাজ আদায় করা এবং পবিত্র কোরআন স্পর্শ করাও বৈধ। অর্থাৎ, অজুর ক্ষেত্রে তিনবার ধোয়ার সুন্নত বাদ পড়লেও অজু বাতিল হয়ে যায় না।
তবে শরিয়তের প্রতিটি বিধান যথাযথভাবে পালন করা জরুরি। ইবাদতকে পূর্ণাঙ্গ ও আল্লাহর কাছে অধিক পছন্দনীয় করতে সুন্নত অনুযায়ী আমল করার প্রতি গুরুত্ব দিতে হবে।
সুন্নত ও নফল আমল বান্দার নেকির পাল্লা ভারী করে। এ প্রসঙ্গে মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সে সফলতা ও মুক্তি লাভ করবে। অন্যথায় সে ক্ষতিগ্রস্ত হবে।
হিসাবের সময় ফরজ নামাজে কোনো ঘাটতি পাওয়া গেলে মহান আল্লাহ ফেরেশতাদের বলবেন, তাঁর বান্দার কোনো নফল নামাজ আছে কি না, তা দেখতে। নফল নামাজ থাকলে তা দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে।
(সুনানে আবু দাউদ, হাদিস: ৭৭০)
এসি/আপ্র/২২/১১/২০২৬