বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে পিটুনির ঘটনায় মকবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।
নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় খামারটির প্রধান ফটক সব সময় বন্ধ রাখা হয়। গতকাল সকালে মকবুলকে চোর সন্দেহে আটক করেন খামারের লোকজন। পরে তাঁকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোহানীপাড়া ইউনিয়নের এক স্থানীয় নেতার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/২২/১১/২০২৬