পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত থেমে থেমে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তাঁর ক্যামেরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। পরে উভয় পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনা চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত কয়েকজন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়। দুপুরের দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনের এলাকা থেকে সংঘর্ষ দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।
বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরিবেশ শান্ত করতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্থানীয় প্রতিনিধিও হামলার শিকার হয়েছেন। তাঁকে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে পাওয়া তথ্য অনুযায়ী, এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও তখন পর্যন্ত পুরোপুরি শান্ত হয়নি বেড়া পৌর এলাকার পরিস্থিতি।
সানা/আপ্র/২১/১১/২০২৬