নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রাম ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ এবং সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের হিসাবে, ২০ থেকে ২৫টি বাড়ির অন্তত অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়েছে। তবে উপজেলা প্রশাসন ও পুলিশের হিসাবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা আরো কম। কারা এ হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন। পুলিশ বলছে, বিএনপির নিহত দুই নেতার স্বজন ও অন্য কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে জেলা পুলিশ। তাদের ভাষ্য, এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবারের বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলেও দাবি পুলিশের।
ঘটনার সূত্রপাত গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়। ওই দিন কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের বটতলা এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই কর্মসূচি বের করেছিলেন বলে জানা গেছে। মিছিলটি বটতলায় পৌঁছালে হামলা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) আহত হন। তাঁদের মধ্যে শাহীন ও সোহেলকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছিল। পথে তাঁদের মৃত্যু হয়। বিএনপির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেন্দারচর এলাকার বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল পৌনে ৫টার দিকে নিহত দুই নেতার বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য কয়েকজন ব্যক্তি বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলা শুধু কয়েকটি বাড়িতে সীমাবদ্ধ ছিল না। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বেন্দারচর ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা বাড়িঘরের আসবাব, টেলিভিশন, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার সকালে নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে দেখা যায় নড়াইল-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি বি এম কবিরুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে -ছবি সংগৃহীত
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়িঘর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বড়দিয়া বাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে ভিন্ন বক্তব্য
অগ্নিসংযোগের খবর পাওয়ার পর কালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়ে। কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তাঁরা কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান। পথে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ততক্ষণে অধিকাংশ আগুন অনেকটা নিভে গিয়েছিল।
হুমায়ুন কবিরের ভাষ্য, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। বড়দিয়া বাজারের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলীও বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের একটি ইউনিট আগুন নেভাতে সেখানে গিয়েছিল।
অন্যদিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তাঁর ভাষ্য, প্রায় ২০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে যেসব বাড়িঘরের ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, তার কিছু ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল। সেগুলোর সঙ্গে শুক্রবারের ঘটনার হিসাব এক করে দেখানো হচ্ছে বলে দাবি তাঁর।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার প্রথমে জানিয়েছিলেন, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত দুই নেতার স্বজন ও অন্য কয়েকজন ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাম্প্রদায়িক হামলার দাবি নাকচ পুলিশের
বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে বক্তব্য দিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর কিংবা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগে ধারণ করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পুলিশ ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা হিসেবেও উল্লেখ করেছে।
তবে ভুক্তভোগী কয়েকজন নারী সংবাদমাধ্যমের কাছে তাঁদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, তাঁর বাড়ির তিনটি গরু নিয়ে যাওয়া হয়েছে। ঘরের টেলিভিশন, ফ্রিজ, কম্বল, ট্রাংকে রাখা মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই অবশিষ্ট নেই। এমনকি টিউবওয়েলের পানির মোটরও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর জাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই নারী।
মুক্তা খানম নামের আরেক নারী অভিযোগ করেন, জুমার নামাজের পর প্রায় ৪০০ লোক এলাকায় এসে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁদের অভিযোগ, হামলাকারীরা কালিয়া এলাকার এবং বিএনপির লোকজন।
অন্যদিকে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে বলে যে প্রচার চলছে, তা ভিত্তিহীন ও কাল্পনিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক বাড়িতে হামলার প্রচারও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার পর প্রতিশোধমূলক হামলা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের বক্তব্যে উঠে এসেছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনার প্রকৃত সংখ্যা, লুটপাটের পরিমাণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। এসব বিষয়ে পুলিশ তদন্ত করছে।
সানা/আপ্র/২১/১১/২০২৬