গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা অপরাধ, সিদ্ধান্ত দেবে ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা অপরাধ, সিদ্ধান্ত দেবে ভারতের সুপ্রিম কোর্ট
ছবি

ছবি সংগৃহীত

ভারতে স্ত্রীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য করাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে ভারতের আইনে ১৮ বছর বা তার বেশি বয়সী কোনো বিবাহিত নারীকে তাঁর স্বামী ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে বাধ্য করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় না। আইনের এই ব্যতিক্রমের সাংবিধানিক বৈধতা নিয়ে শীর্ষ আদালতে একাধিক আবেদন করা হয়েছে।

বৈবাহিক ধর্ষণসংক্রান্ত ১০টি আবেদনের একসঙ্গে শুনানি গত ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে পরে আদালত জানায়, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে শুনানি শুরু হবে। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেছিলেন, কোনো স্ত্রীকে তাঁর স্বামী যৌন সম্পর্কে বাধ্য করলে ওই নারী নিশ্চিতভাবেই একজন ভুক্তভোগী। তবে প্রশ্ন হলো, রাষ্ট্র সেটিকে ধর্ষণ হিসেবে বিবেচনা করে কি না। প্রচলিত আইন ঠিক না ভুল, সেটি আলাদা বিষয়; এটি একটি শাস্তিমূলক আইন।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, যৌন সহিংসতার ঘটনায় অবিবাহিত নারীরা যে আইনি সুরক্ষা পান, বিবাহিত নারীরাও সেই সুরক্ষা পাবেন কি না।

ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের (২০১৯-২০২১) তথ্যেও বৈবাহিক যৌন সহিংসতার চিত্র উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের মধ্যে যারা কখনো যৌন সহিংসতার শিকার হয়েছেন, তাঁদের ৮২ শতাংশ এ জন্য বর্তমান স্বামীকে দায়ী করেছেন। সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ১৪ শতাংশ নারী।

সমীক্ষায় আরো দেখা যায়, এই বয়সসীমার ৪ দশমিক ৬ শতাংশ বিবাহিত নারী জানিয়েছেন, তাঁদের সম্মতি না থাকা সত্ত্বেও স্বামীরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছেন। ৩ দশমিক ৮ শতাংশ নারী বলেছেন, যৌন সম্পর্কে বাধ্য করতে তাঁদের স্বামীরা হুমকি দিয়েছেন অথবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেছেন।

বিশ্বের অধিকাংশ দেশে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত। তবে ভারত এমন প্রায় ৫০টি দেশের একটি, যেখানে স্ত্রীর সম্মতির বিরুদ্ধে গিয়ে স্বামীর জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয় না।

আইনের দিক থেকে প্রশ্ন কী কী

এই মামলায় ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার দ্বিতীয় ব্যতিক্রমকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। ২০২৩ সালে প্রণীত ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারাতেও একই ব্যতিক্রম রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্বামী তাঁর ১৮ বছর বা তার বেশি বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক বা যৌন কার্যকলাপে লিপ্ত হলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না।

সুপ্রিম কোর্টের বেঞ্চকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই ব্যতিক্রম বিবাহিত নারীদের সংবিধানের ১৪ অনুচ্ছেদে দেওয়া সমতার অধিকার, ১৫ অনুচ্ছেদে বৈষম্য থেকে সুরক্ষার অধিকার এবং ২১ অনুচ্ছেদে জীবন, মর্যাদা, গোপনীয়তা ও নিজের শরীরের ওপর অধিকারের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে কি না।

এ ছাড়া এই ব্যতিক্রম তুলে দিলে নতুন কোনো অপরাধ সৃষ্টি হবে কি না, সেটিও আদালতকে বিবেচনা করতে হবে। কারণ আইন সংশোধনের ক্ষমতা মূলত পার্লামেন্টের হাতে।

আবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে

আবেদনগুলোর মধ্যে একটি করেছেন এমন এক ব্যক্তি, যিনি কর্ণাটক হাইকোর্টের ২০২২ সালের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ওই সিদ্ধান্তে তাঁর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

চারটি আবেদন দিল্লি হাইকোর্টের ২০২২ সালের বিভক্ত রায়ের সঙ্গে সম্পর্কিত। ওই মামলায় দুই বিচারপতি ভিন্নমত দিয়েছিলেন।

অন্যদিকে, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন এবং একজন নারী বর্তমান আইনের ব্যতিক্রমকে সমর্থনকারী মতামত বাতিলের দাবি জানিয়েছেন। ওই নারী তাঁর স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ করেছিলেন।

অপরদিকে, মেন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং হৃদয়া নেস্ট অব ফ্যামিলি হারমনি ব্যতিক্রম বাতিলের পক্ষে দেওয়া দ্বিতীয় মতামতকে চ্যালেঞ্জ করেছে।

সুপ্রিম কোর্টে সরাসরি দায়ের করা চারটি আবেদনের মধ্যে রয়েছে ২০১৯ সালে ইয়ুথ ফর ইকুয়ালিটি, ২০২২ সালে সমাজকর্মী রুথ মনোরমা, ২০২৪ সালে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন এবং ২০২৫ সালে অভেক্ষা উইমেন্স চ্যারিটেবল ট্রাস্টের আবেদন। এসব আবেদনে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনের ব্যতিক্রমকে অসাংবিধানিক ঘোষণার দাবি জানানো হয়েছে।

কয়েকজন আবেদনকারী ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি ধারাকেও চ্যালেঞ্জ করেছেন। এই ধারায় বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর স্বামী তাঁর সাবেক স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে। অথচ ধর্ষণের ক্ষেত্রে সর্বনিম্ন সাজা ১০ বছরের কারাদণ্ড।

এ ছাড়া আবেদনকারীরা ফৌজদারি কার্যবিধির ১৯৮বি ধারার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই ধারায় এ ধরনের মামলার শুনানির আগে আদালতকে কিছু অতিরিক্ত পদ্ধতিগত শর্ত পূরণের বিধান রাখা হয়েছে।

২০২৬ সালের মে মাসে রেড ডট ফাউন্ডেশনও একটি আবেদন করে। এতে কর্ণাটক ও দিল্লি হাইকোর্টের ২০২২ সালের সিদ্ধান্ত, দিল্লি হাইকোর্টের ২০২৫ সালের একটি আদেশ এবং অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড ও ছত্তিশগড় হাইকোর্টের কয়েকটি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।

আইনের এই ব্যতিক্রমের সমর্থকদের যুক্তি, বৈবাহিক সহিংসতা মোকাবিলায় বিদ্যমান আইনেই পর্যাপ্ত বিধান রয়েছে। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তনের ক্ষমতা একমাত্র পার্লামেন্টের।

বিভিন্ন হাইকোর্টের ভিন্ন ভিন্ন রায়

গত কয়েক বছরে ভারতের বিভিন্ন হাইকোর্ট বৈবাহিক ধর্ষণের বিষয়ে ভিন্ন ভিন্ন রায় দিয়েছেন।

১৯৮৩ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। ওই দেওয়ানি আইনের অধীনে আদালত পৃথকভাবে বসবাসকারী স্বামী-স্ত্রীকে আবার একসঙ্গে বসবাসের নির্দেশ দিতে পারেন। একে বলা হয় ‘বৈবাহিক অধিকার পুনঃস্থাপন’।

হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, এ ধরনের নির্দেশ স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন থাকা কোনো নারীকে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার পরিস্থিতি তৈরি করতে পারে। আদালত মনে করেন, এভাবে স্বামীর কাছে ফিরতে বাধ্য করা হলে সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদে দেওয়া ওই নারীর সমতা, গোপনীয়তা ও মর্যাদার অধিকার লঙ্ঘিত হতে পারে।

২০১৮ সালে গুজরাট হাইকোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এক চিকিৎসকের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন। ওই নারী স্বামীর বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ করেছিলেন। বিচারপতি পারদিওয়ালা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি।

তখন তিনি বলেছিলেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার ব্যতিক্রম এ ধরনের পরিস্থিতিতে স্বামীকে সুরক্ষা দেয়। অর্থাৎ, অভিযোগের ঘটনাগুলো ৩৭৫ ধারার আওতায় ধর্ষণ হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য হলেও বৈধ বিবাহের কারণে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা চালানো যায় না।

আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় করা অভিযোগও প্রত্যাহার করেন। ওই ধারায় অস্বাভাবিক যৌন কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করা হতো। সাধারণত মুখমৈথুন ও পায়ুপথে যৌন সম্পর্কের ক্ষেত্রে এ ধারা প্রয়োগ করা হতো।

তবে আদালত স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে ৪৯৮এ ধারা এবং নারীর মর্যাদা লঙ্ঘনের অভিযোগে ৩৫৪ ধারার মামলা বহাল রাখেন।

বিচারপতি পারদিওয়ালা পার্লামেন্টকে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনের ব্যতিক্রম বাতিলের আহ্বান জানান। তিনি বলেন, বিয়ে কোনো স্বামীকে তাঁর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অনুমতি দেয় না। তাঁর মতে, এ ধরনের আচরণ সহিংস ও অন্যায় এবং একে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

২০২২ সালের মার্চে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা ধর্ষণের অভিযোগ খারিজ করতে অস্বীকার করেন। ওই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা যুক্ত করার নির্দেশও দেন তিনি।

বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনি ব্যতিক্রম রাখার বিধানকে পশ্চাৎপদ আখ্যা দিয়ে বিচারপতি বলেন, পুরুষ পুরুষই, কৃতকর্ম কৃতকর্মই এবং ধর্ষণ ধর্ষণই—তা স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে করলেও।

আদালত পার্লামেন্টকে এ বিষয়ে নীরব নারীদের কথা শোনার এবং আইনের ব্যতিক্রম তুলে নেওয়ার আহ্বান জানান। তবে ২০২২ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট ওই রায়ের ওপর স্থগিতাদেশ দেন।

এর দুই মাস পর দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি এ বিষয়ে ভিন্ন ভিন্ন রায় দেন। বিচারপতি রাজীব শাকধর বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনের ব্যতিক্রম, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৯৮বি ধারা বাতিলের পক্ষে মত দেন।

বিয়ের পর স্ত্রীর সম্মতি স্থায়ীভাবে পাওয়া গেছে বলে ধরে নেওয়ার যুক্তি তিনি প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, এই ধারণা বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে দায়মুক্তির সুযোগ তৈরি করে।

২০১৫-১৬ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, যৌন সহিংসতার ৯৯ দশমিক ১ শতাংশ ঘটনা অপ্রকাশিত থেকে যায়। অন্যদের তুলনায় নারীদের স্বামীর হাতে যৌন সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা ১৭ গুণ বেশি।

তিনি আরো বলেন, ধর্ষণের ঘটনা প্রকাশ না করায় স্ত্রীরা নিজেদের পরিচয় গোপন রাখা, চিকিৎসাসেবা ও ক্ষতিপূরণ পাওয়ার মতো সুবিধা থেকে বঞ্চিত হন। তাঁর মতে, স্বামীদের আইনি ব্যতিক্রমের আওতা থেকে বাদ দেওয়া হলে নতুন কোনো অপরাধ সৃষ্টি হবে না।

অন্যদিকে, বিচারপতি সি হরি শঙ্কর তাঁর রায়ে তিনটি বিধানই বহাল রাখেন। তিনি স্বীকার করেন, স্বামী তাঁর স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করতে পারেন না। তবে বিয়েকে একটি বিশেষ সম্পর্ক হিসেবে বর্ণনা করে বলেন, সেখানে যৌন সম্পর্কের একটি বৈধ প্রত্যাশা থাকে।

তাঁর মতে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অপরিচিত হলে স্ত্রীর প্রতিক্রিয়া এবং স্বামী অভিযুক্ত হলে তাঁর প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে।

বিচারপতি হরি শঙ্কর সতর্ক করেন, আদালত আইনের ব্যতিক্রম তুলে দিলে নতুন ধরনের অপরাধ সৃষ্টি হতে পারে, যার সর্বনিম্ন সাজা ১০ বছরের কারাদণ্ড। পাশাপাশি, যৌন সম্পর্কের ঘটনা প্রমাণিত হওয়ার পর নারী সম্মতি দেননি বলে জানালে সাক্ষ্য আইনের ১১৪এ ধারাও প্রযোজ্য হতে পারে।

তাঁর আশঙ্কা, এ অবস্থায় স্বামীর পক্ষে শোবার ঘরের ব্যক্তিগত পরিসরে স্ত্রী সম্মতি দিয়েছিলেন—তা প্রমাণ করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।

২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে হাইকোর্টের তিনটি রায়ে স্বামীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা চালানোর সুযোগও সীমিত করা হয়। রেড ডট ফাউন্ডেশন এসব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। ধর্ষণের অভিযোগ আনার সুযোগ না থাকায় কয়েকজন নারী তাঁদের স্বামীদের বিরুদ্ধে ৩৭৭ ধারা প্রয়োগের চেষ্টা করেছিলেন।

২০১৩ সালে ভারতীয় দণ্ডবিধি সংশোধনের পর মুখমৈথুন ও পায়ুপথে যৌন সম্পর্ক ধর্ষণের সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। একই সময়ে দ্বিতীয় ব্যতিক্রমের পরিধিও বাড়িয়ে কোনো পুরুষের সঙ্গে তাঁর স্ত্রীর যৌন সম্পর্ক বা যৌন কার্যকলাপকে এর আওতায় আনা হয়।

পরবর্তী সময়ে ২০২৪ সালে উত্তরাখণ্ড হাইকোর্ট এবং ২০২৫ সালে ছত্তিশগড় ও দিল্লি হাইকোর্ট স্বামীদের বিরুদ্ধে ৩৭৭ ধারায় অভিযোগ আনার অনুমতি দেননি। আদালতগুলোর পর্যবেক্ষণ ছিল, দ্বিতীয় ব্যতিক্রমের আওতায় স্বামী-স্ত্রীর সম্মতির প্রশ্ন বিবেচ্য নয়।

ছত্তিশগড় হাইকোর্ট এমন একটি মামলায় এক ব্যক্তিকে খালাস দেন, যিনি অন্য একটি মামলায় স্ত্রীকে গুরুতর আহত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ভারত সরকারের অবস্থান

২০২৪ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টে দাখিল করা এক হলফনামায় কেন্দ্রীয় সরকার বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনের ব্যতিক্রম বাতিলের বিরোধিতা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বিয়ে কোনো নারীর সম্মতির অধিকার কেড়ে নেয় না এবং সম্মতি ছাড়া বিবাহিত যৌন সম্পর্কের জন্য শাস্তির বিধান থাকা উচিত। তবে মন্ত্রণালয়ের যুক্তি ছিল, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ও ৩৭৬ ধারায় এ ধরনের ঘটনাকে ধর্ষণ হিসেবে গণ্য করলে অন্তত ১০ বছরের কারাদণ্ডের বিধান প্রযোজ্য হবে। প্রমাণের ভিত্তিতে আরও কঠোর সাজাও হতে পারে, যা অসামঞ্জস্যপূর্ণ কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, স্বামীর নিষ্ঠুরতার বিরুদ্ধে ৪৯৮এ ধারা, নারীর মর্যাদা লঙ্ঘনের বিরুদ্ধে ৩৫৪এ ধারা, যৌন হয়রানির বিরুদ্ধে ৩৫৪এ ধারা, জোরপূর্বক বিবস্ত্র করার বিরুদ্ধে ৩৫৪বি ধারা এবং ২০০৫ সালের গৃহস্থালি সহিংসতা থেকে নারীদের সুরক্ষা আইনে প্রতিকারের ব্যবস্থা রয়েছে।

সরকার এই বিষয়কে অপরাধ হিসেবে চিহ্নিত করার পরিবর্তে সামাজিক বিষয় হিসেবে বর্ণনা করে জানায়, এ বিষয়ে পার্লামেন্ট আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

২০১২ সালে দিল্লিতে সংঘটিত দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর বিচারপতি জে এস বর্মার নেতৃত্বে গঠিত কমিটি ২০১৩ সালে ফৌজদারি আইন সংস্কারের সুপারিশ করেছিল। কমিটি বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনি ব্যতিক্রম বাতিল এবং বিয়েকে ধর্ষণের অভিযোগে আত্মপক্ষ সমর্থনের বা শাস্তি কমানোর ভিত্তি হিসেবে ব্যবহার না করার সুপারিশ করে।

তবে ২০১৩ সালে ভারতীয় দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তনের সময় এবং ২০২৩ সালে ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়নের সময়ও পার্লামেন্ট এই ব্যতিক্রম বাতিল করেনি।

পার্লামেন্ট ২০০০ সালে প্রকাশিত ১৭২তম আইন কমিশনের প্রতিবেদনও উল্লেখ করেছে। ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলে বৈবাহিক সম্পর্কে অতিরিক্ত হস্তক্ষেপ হতে পারে।

২০১৩ সালের একটি সংসদীয় কমিটিও বলেছিল, আইনের এই ব্যতিক্রম তুলে নেওয়া হলে বিয়ের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরিবারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

রাজ্যগুলোর সঙ্গে পরামর্শের পর ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১০টি এই ব্যতিক্রম বজায় রাখার পক্ষে মত দেয়। সেগুলো হলো আসাম, ছত্তিশগড়, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর, উত্তরাখণ্ড, চণ্ডীগড় ও লাদাখ।

অন্যদিকে, দিল্লি, ত্রিপুরা ও কর্ণাটক এর বিরোধিতা করে। বাকি ছয়টি রাজ্য এ বিষয়ে কোনো মতামত দেয়নি।

জাতীয় নারী কমিশনও বিদ্যমান ব্যবস্থা বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। কমিশনের বক্তব্য ছিল, ভুক্তভোগীদের সহায়তার জন্য শক্তিশালী ব্যবস্থা না থাকলে স্ত্রী ও সন্তানরা অসহায় পরিস্থিতির মুখে পড়তে পারেন।

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ও একই অবস্থান গ্রহণ করে। তাদের আশঙ্কা, আইন পরিবর্তন করলে বৈবাহিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে এবং বিয়ের প্রতিষ্ঠান সংকটে পড়তে পারে। মন্ত্রণালয় আরও বলেছে, সম্মতি ছিল কি না, তা প্রমাণ করা কঠিন হওয়ায় আইনের অপব্যবহারের আশঙ্কাও রয়েছে।

বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কি না, সেই প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি তাই দেশটির নারী অধিকার, সাংবিধানিক সমতা ও পারিবারিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি বাংলা, ডেকান হেরাল্ড

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ
২১ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি চাইলো জাতিসংঘ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হা...

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
২১ নভেম্বর ২০২৬

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারা...

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র
২১ নভেম্বর ২০২৬

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়...

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
২১ নভেম্বর ২০২৬

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে