কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি লেখক উল্লেখ করেছেন, শেখ হাসিনাকে ছাড়া দেশ অচল।
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এর শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠির লেখক দাবি করেছেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তাঁর ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’
চিঠিতে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথাও উল্লেখ করা হয়েছে। এতে আরো লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’
চিঠির শেষাংশে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা হয়েছে।
পাগলা মসজিদে প্রতিদিনই নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে মানুষ দান করেন। এসব দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও না বলা কথার প্রকাশ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা চিঠিটিও তেমনই একটি নিদর্শন।
বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। মনোবাসনা পূরণের আশায় অনেকেই সেখানে দান করেন।
এসি/আপ্র/২১/১১/২০২৬