গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকুক উন্নয়নের ধারাবাহিকতা

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৪:১০ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকুক উন্নয়নের ধারাবাহিকতা
ছবি

ফাইল ছবি

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নিঃসন্দেহে এটি দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্বালানি অবকাঠামোর জন্য ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ পরিকল্পনা, বিপুল বিনিয়োগ, কারিগরি দক্ষতা ও বহু বছরের কর্মপ্রচেষ্টার ফল এই অর্জন। যে সরকারই এ উদ্যোগ গ্রহণ কিংবা বাস্তবায়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখুক, জাতীয় স্বার্থে তার যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের উন্নয়ন কোনো দল বা সরকারের একক সম্পত্তি নয়; এর প্রকৃত মালিক জনগণ।

গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। অল্প সময়ের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছানো বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি। তবে এই অর্জনকে বাণিজ্যিক উৎপাদনের সূচনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত উৎপাদনব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষামূলক পর্যায়। বিভিন্ন ধাপে কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষা চলবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন হওয়ার পরই পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনের পথ উন্মুক্ত হবে। ফলে উচ্ছ্বাসের পাশাপাশি দায়িত্বশীলতা, সতর্কতা ও বাস্তববাদী মূল্যায়ন জরুরি।

রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, জ্বালানি আমদানিনির্ভরতা এবং সরবরাহের অনিশ্চয়তা বিবেচনায় এই সক্ষমতা দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা সাধারণ কোনো অবকাঠামো পরিচালনার মতো নয়। এখানে সামান্য অবহেলা কিংবা দুর্বল ব্যবস্থাপনাও ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। তাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা নির্দেশনা, স্বাধীন নিয়ন্ত্রক তদারকি, দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ, তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে প্রকল্পটির আর্থিক বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বর্তমানে এর প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের বিনিময় হার বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নে ব্যয় বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। প্রকল্পের মেয়াদও বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এত বিপুল বিনিয়োগের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে উৎপাদন ব্যয়, ঋণ পরিশোধ, বিদ্যুতের মূল্য এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে। ব্যয় বৃদ্ধি ও সময়ক্ষেপণের কারণ পর্যালোচনা করে জবাবদিহি প্রতিষ্ঠা করাও অপরিহার্য।

তবে রূপপুরের চেয়েও বড় যে শিক্ষা আমাদের নেওয়া প্রয়োজন, তা হলো উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। আমাদের দেশে প্রায়ই দেখা যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সরকারের নেওয়া প্রকল্পের প্রতি অবজ্ঞা, অযৌক্তিক বিরোধিতা কিংবা কৃতিত্ব অস্বীকারের প্রবণতা তৈরি হয়। কোনো প্রকল্পে অনিয়ম থাকলে তদন্ত হবে, দুর্নীতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে, অপ্রয়োজনীয় ব্যয় হলে সংশোধন হবে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে জনস্বার্থসংশ্লিষ্ট কোনো উদ্যোগ বন্ধ করে দেওয়া কিংবা তার সুফল অস্বীকার করা দায়িত্বশীল রাজনীতি হতে পারে না।

আমরা মনে করি, যে সরকার যে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে, পরবর্তী সরকারকে তার যৌক্তিকতা, অগ্রগতি ও জনস্বার্থ বিবেচনা করে এগিয়ে নিতে হবে। প্রয়োজন হলে পর্যালোচনা ও সংস্কার করতে হবে, কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে উন্নয়নের চাকা থামানো যাবে না। রূপপুরের কৃতিত্ব কোনো একক সরকারের নয়; এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধারাবাহিক উদ্যোগ, বিশেষজ্ঞদের শ্রম ও জনগণের অর্থের সম্মিলিত ফসল।

বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। 
আমাদের প্রত্যাশা-রূপপুরের আলো যেন শুধু বিদ্যুতের আলো না হয়, বরং রাজনৈতিক সংকীর্ণতা অতিক্রম করে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষারও আলোকবর্তিকা হয়ে ওঠে।
সানা/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন
১৯ নভেম্বর ২০২৬

মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন

উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি ও কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছ...

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন
১৯ নভেম্বর ২০২৬

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন

হামের উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩১৮ জনে পৌঁছানো ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়া দেশে...

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি
১৮ নভেম্বর ২০২৬

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ বিস্তার এবং সরকারের ক্রমবর্ধমান দেশি-বিদেশি ঋণের বোঝা অর্থনীতি...

কার্যকর গণতন্ত্রের পথেই হোক বাংলাদেশের নবযাত্রা
১৭ নভেম্বর ২০২৬

কার্যকর গণতন্ত্রের পথেই হোক বাংলাদেশের নবযাত্রা

বাংলাদেশের রাজনীতি আবারো এক অনিশ্চিত ও সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে