বাংলাদেশের রাজনীতি আবারো এক অনিশ্চিত ও সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগ, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে রাজনৈতিক উত্তেজনা এবং পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ-সব মিলিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনীতি নতুন চাপের মুখে। প্রশ্ন হচ্ছে, সরকার এসব পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে? শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগ কিংবা প্রশাসনিক রদবদল দিয়ে কি সংকটের স্থায়ী সমাধান সম্ভব? বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের কৌশল নয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।
বস্তুত, বাংলাদেশ কখনোই গণতন্ত্রের সঠিক ও সুসংহত পথে যাত্রা শুরু করতে পারেনি। দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনা সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনব্যবস্থা ও রাজনৈতিক অধিকার প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে-এমন প্রত্যাশা ছিল। কিছু উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত ও ভোটবিহীন নির্বাচনের পরও মানুষ সরকারকে মেনে নিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ডামি নির্বাচনের মধ্য দিয়ে জনঅসন্তোষ এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানে সরকারের পতন ঘটে। সেই পরিবর্তন গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছিল।
কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার নির্বাচন আয়োজন করলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রতিযোগিতার বাইরে ছিল। ফলে নির্বাচনের বৈধতা ও অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে প্রশ্ন থেকে গেছে। এখন বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের সামনে সুযোগ রয়েছে এই সীমাবদ্ধতা অতিক্রম করার। কিন্তু ক্ষমতায় এসেও যদি সব রাজনৈতিক দলের আইনসম্মত কর্মকাণ্ডের সমান সুযোগ নিশ্চিত না হয়, তাহলে সরকার পরিবর্তন হলেও গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন ঘটবে না।
১৫ নভেম্বর গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, টেঁটা ও বল্লম নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, সাঁজোয়া যান, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগের রাতেও টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয় ও দোকানে হামলার অভিযোগ উঠেছে। এসব অপরাধের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা যাবে না। শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নও রাজনৈতিক আবেগ কিংবা প্রতিশোধের বিষয় নয়; এটি আইন, বিচার ও সাংবিধানিক অধিকারের আলোকে নিষ্পত্তি করতে হবে। সম্প্রতি জাতিসংঘও একদিকে ২০২৪ সালের অপরাধের জবাবদিহি, অন্যদিকে সব রাজনৈতিক দল ও ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছে। এই দুই শর্তই গণতন্ত্রের মৌলিক ভিত্তি।
অন্যদিকে পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি, বিক্ষোভ এবং কারখানা বন্ধের ঘটনা অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা রক্ষাও অপরিহার্য। সরকারকে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কার্যকর ত্রিপক্ষীয় আলোচনা, বাস্তবসম্মত মজুরি নির্ধারণ, ক্ষুদ্র কারখানায় প্রয়োজনীয় সহায়তা এবং শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বলপ্রয়োগ নয়, ন্যায্য সমঝোতাই হতে হবে সমাধানের পথ।
সরকার পরিবর্তনকে গণতন্ত্র প্রতিষ্ঠার সমার্থক ভাবা যাবে না। সব রাজনৈতিক শক্তির আইনসম্মত অংশগ্রহণ, অপরাধের নিরপেক্ষ বিচার এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করেই প্রকৃত নবযাত্রা শুরু করতে হবে।
অতএব বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণ। বিরোধী দলের অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ প্রশাসন, জবাবদিহি এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়; এটি ভিন্নমত ও রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার রক্ষারও ব্যবস্থা। বর্তমান সরকার যদি এই সত্য উপলব্ধি করে রাষ্ট্র পরিচালনা করে, তবেই বাংলাদেশে কাঙ্ক্ষিত নবযাত্রার পথ তৈরি হবে। অন্যথায় ক্ষমতার পালাবদল ঘটবে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই থেকে যাবে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬