গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ নভেম্বর ম্যানিলাগামী ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠেন -ছবি রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে তাঁর এ সফরে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ম্যানিলায় সফরকালে বিক্ষোভের মুখেও পড়তে পারেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামেও যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রত্যাশিত ত্রিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চিপে চীনের প্রবেশাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এ সফর হচ্ছে। এসব বিষয় দুই দেশের মধ্যে ভঙ্গুর বাণিজ্যযুদ্ধবিরতিকে আরো জটিল করে তুলতে পারে।

ম্যানিলায় ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে কয়েক দিন ধরে বিক্ষোভকারীরা তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ সরবরাহ শৃঙ্খল উদ্যোগ বাতিলের দাবিও তুলেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গঠিত কোয়াডের বৈঠকটি ট্রাম্পের প্রথম অংশগ্রহণ হতে যাচ্ছে। জোটটির সর্বশেষ বৈঠক হয়েছিল দুই বছর আগে। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন কোয়াডকে তাঁর পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে বিবেচনা করতেন। এবার এপেক সম্মেলনের আগে বৈঠকটি হচ্ছে। এপেকের আয়োজক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং আগে কোয়াডকে চীনকে ঘিরে ফেলার উদ্যোগ হিসেবে সমালোচনা করলেও জোটের সদস্যদেশগুলো বলে আসছে, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

কোয়াড বৈঠককে ‘সম্ভাব্য সেরা সংকেত’: সোমবার আসিয়ানের শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৈশ্বিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে চীন ও আসিয়ানের অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেন। তিনি মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকারের কথা তুলে ধরার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকা, হস্তক্ষেপ ঠেকানো এবং সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের গুরুত্বপূর্ণ উৎস। তবে ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বেশি সম্মিলিত মোট দেশজ উৎপাদনের ১১ সদস্যের এ জোটের বড় অর্থনীতিগুলো ট্রাম্প প্রশাসনের সময় দীর্ঘস্থায়ী বাণিজ্য ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায়।

যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোয়াডের বৈঠক পুনরায় আয়োজনের সময় ও উদ্যোগের কৃতিত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। তাঁর মতে, ট্রাম্পের অধীনে জোটটির উচ্চাকাঙ্ক্ষা কমে গিয়েছিল। ‘দ্য এশিয়া গ্রুপ’-এর সহপ্রতিষ্ঠাতা ক্যাম্পবেল বলেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের আগে কোয়াডের এ বৈঠকই সম্ভবত সবচেয়ে ভালো সংকেত। এটি রুবিওর চিন্তাভাবনার অংশ।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার বলেন, ট্রাম্পের নেতৃত্বে কোয়াড প্রমাণ করেছে, এটি কাজের অংশীদারত্ব। আঞ্চলিক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার সুযোগ তৈরি করছে এ জোট।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কোয়াডের নেতারা বৈঠকে ঐক্যের বার্তা দিতে চাইবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি নিষেধাজ্ঞা, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, সাবমেরিন কেবল, উদীয়মান প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কার্যক্রমও আলোচনায় আসতে পারে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল
১৭ নভেম্বর ২০২৬

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছ...

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০
১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা...

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র
১৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত...

গোপন সফরে ইউক্রেনে গিয়ে সেনাদের পাশে দাঁড়ালেন হ্যারি
১৬ নভেম্বর ২০২৬

গোপন সফরে ইউক্রেনে গিয়ে সেনাদের পাশে দাঁড়ালেন হ্যারি

ব্রিটেনের প্রিন্স হ্যারি গোপনে ইউক্রেন সফর করেছেন। সপ্তাহান্তে আকস্মিক এ সফরে তিনি দেশটির আহত সেনাসদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই