মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নতুন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে গিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ বা মতামত জানতে চাওয়া হলে ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র বলেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’
ভারতে অবস্থানরত শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নতুন আবেদন করার বিষয়টি সম্প্রতি সামনে আসে। এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর আগে গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
সেই পরিকল্পনার প্রায় চার মাস পর গত সপ্তাহে প্রকাশিত আরেক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য সামনে আসে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ঢাকা।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই ভারতীয় পক্ষ বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির কথা জানিয়েছে।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। পাশাপাশি বাংলাদেশের সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথাও জানান।
সানা/আপ্র/১৬/১১/২০২৬