ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ প্রতিক্রিয়া জানান মোনামি।
পোস্টে তিনি আক্ষেপ করে লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তখন আলোচনার বিষয় হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচ।
মোনামি জানান, ভিডিওটি প্রথমে তাঁর এক বন্ধু শুধু বন্ধুদের জন্য ফেসবুকে প্রকাশ করেছিলেন। পরে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, ভিডিওটি বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে তাঁর আশঙ্কা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার জবাবে মোনামি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স কিংবা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে?
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রলের শিকার হতে পারেন জেনেও ভিডিওটি শেয়ার করেছিলেন বলে জানান তিনি। মোনামি বলেন, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সুযোগ পেলে আবারও একইভাবে নাচবেন।
নিজের নাচ নিয়ে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই জানিয়ে তিনি বলেন, এটি ছিল আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি।
ডিসি/আপ্র/১৬/১১/২০২৬