বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষামূলক কার্যক্রম জোরদারে এ অর্থ ব্যয় করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইইউ মিশন এক বার্তায় এ সহায়তার কথা জানায়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ৮০ লাখ ইউরো ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক সহায়তা প্যাকেজের অংশ। এ অর্থ দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষাসেবা জোরদার করা হবে। পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে।
ইইউর বার্তায় আরো জানানো হয়, এই অতিরিক্ত অর্থায়নের বাইরে ২০২৬ সালে বাংলাদেশকে ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে চলা এ সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলায় বিভিন্ন উদ্যোগে সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে সংস্থাটি।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬