গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

জিয়াউলসহ আসামিদের হাতকড়া-হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
জিয়াউলসহ আসামিদের হাতকড়া-হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির
ছবি

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় তাঁর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরা অবস্থায় দেখা যায় -ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ অন্য আসামিদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়েছে। তাঁদের মাথায় ছিল হেলমেট, বুকে সুরক্ষাবর্ম। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাঁদের এ অবস্থায় দেখা যায়। তবে শুনানি চলাকালে হাতকড়া, হেলমেট ও সুরক্ষাবর্ম খুলে নেওয়া হয়। শুনানি শেষে অন্য আসামিদের হাতকড়া না পরানো হলেও জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে আবারো হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে গ্রেফতার ১১ জনের একজন জিয়াউল আহসান।

দুপুর ১২টার দিকে পুলিশের প্রিজনভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। এ সময় তাঁর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো, মাথায় হেলমেট ও বুকে সুরক্ষাবর্ম দেখা যায়। তাঁকে সেখান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। বেলা পৌনে একটার দিকে অন্য আসামিদের সঙ্গে তাঁকেও এজলাসে তোলা হয়। তখনো তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে সুরক্ষাবর্ম ছিল।

এ মামলার অন্য আসামিদের মধ্যেও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক উপমহাপরিদর্শক মোহা. আবদুল জলিল মণ্ডল এবং একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে একইভাবে হাতকড়া, হেলমেট ও সুরক্ষাবর্ম পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানি চলার সময় আসামিদের হাতকড়া, হেলমেট ও সুরক্ষাবর্ম খুলে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে শুনানি শেষে তাঁদের এজলাসের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় অন্য আসামিদের হাতে হাতকড়া না থাকলেও জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল।

আগের হাজিরা নিয়ে সংসদে সমালোচনা: এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার সময় তাঁর হাতে হাতকড়া বা মাথায় হেলমেট ছিল না। চোখে ছিল কালো চশমা। ওই সময়কার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

রোববার জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। তিনি বলেন, জিয়াউল আহসানকে জেরার জন্য নিয়ে যাওয়ার সময় তাঁর অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশের সদস্যদেরও তাঁর প্রটোকলে থাকা ব্যক্তিদের মতো মনে হচ্ছিল।

তাঁর বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন তিনি। এর পরদিনই জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া, হেলমেট ও সুরক্ষাবর্ম পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

‘নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি’: লতিফ সিদ্দিকী: ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। মাথায় হেলমেট ও বুকে সুরক্ষাবর্ম ছিল তাঁর। এ সময় তিনি বলেন, ‘আমি এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ করছি।’

জিয়াউল হাতকড়া পরতে চাননি: চিফ প্রসিকিউটর: ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, কারাগার থেকে আনার সময় জিয়াউল আহসান হাতকড়া পরতে চাননি। পুলিশের সদস্যদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন। পরে তাঁকে যেকোনোভাবে প্রিজনভ্যানে আনা হয়। ওই ভ্যানে মামলার অন্য আসামিরাও ছিলেন।

চিফ প্রসিকিউটরের ধারণা, জিয়াউল আহসানের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সবাইকে একই পদ্ধতিতে ট্রাইব্যুনালে হাজির করেছে।

তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে সম্পূর্ণ সুস্থ দেখা গেছে। অথচ সকালে তিনি অসুস্থতার ভান করেছেন। তাঁর ভাষ্য, এসব জিয়াউল আহসানের গভীর ষড়যন্ত্রের অংশ। এ কারণে আদালতের কার্যক্রম অন্তত দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে বলে দাবি করেন তিনি।

বোনের বিরুদ্ধেও অভিযোগ চিফ প্রসিকিউটরের: ব্রিফিংয়ে জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন আক্তারের বিরুদ্ধেও অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তাঁর দাবি, আগের দিন ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন নাজনীন। এ ছাড়া অযথা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন। তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি মুঠোফোনে এসব ঘটনা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাজনীন আক্তারের বিরুদ্ধে ভবিষ্যতে লিখিত আবেদন করার কথা বিবেচনা করা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার মতো আচরণ অব্যাহত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইউটিউবার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার ইঙ্গি: ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরো বলেন, ভবিষ্যতে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের বাইরে ইউটিউবভিত্তিক সাংবাদিকদের ট্রাইব্যুনালে প্রবেশের অনুমতি না-ও দেওয়া হতে পারে। তাঁর অভিযোগ, কয়েকজন ইউটিউবার সাংবাদিক বিভিন্ন ঘটনার খণ্ডিত চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ ট্রাইব্যুনালের কার্যক্রম বা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন
১৬ নভেম্বর ২০২৬

খুলনা বিভাগে মাদকের ৪৩৮ মামলায় গ্রেফতার ৪৩৬ জন

খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর মাসে মাদকবিরোধী ১ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়...

‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী
১৬ নভেম্বর ২০২৬

‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: লতিফ সিদ্দিকী

আমাদের জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।...

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’
১৫ নভেম্বর ২০২৬

‘১৮ বছর পর বুঝলাম, আমি একজন নারী আইনজীবী’

‘আমি ডিভোর্সি, তাই আই হ্যাভ নো ক্যারেক্টার বা আমার চরিত্র নেই? আমি যাকে ডিভোর্স করেছি, সেও তো একজন প...

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে
১৫ নভেম্বর ২০২৬

আদালতে তোলা হলো রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীরকে

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই