গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

গান, নাচ ও পিঠার ঘ্রাণে রবীন্দ্র সরোবরে নবান্ন উৎসব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
গান, নাচ ও পিঠার ঘ্রাণে রবীন্দ্র সরোবরে নবান্ন উৎসব
ছবি

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সোমবার অগ্রহায়ণের সকালে ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’ শুরু হয়ে দিনভর চলে -ছবি সংগৃহীত

নতুন ধান কাটার উৎসব নবান্ন ঘিরে হেমন্তের সকালে গান, নাচ, আবৃত্তি আর গ্রামবাংলার পিঠাপুলির ঘ্রাণে মুখর হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর। সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের সকালে শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে সকালের অনুষ্ঠান চলে সোয়া ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।

সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ উৎসবের আয়োজন করা হলেও এবার সেখানে বরাদ্দ বাতিল হওয়ায় রবীন্দ্র সরোবরে উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক পর্ষদ।

বাঁশির পরিবেশনার পর সকাল ৭টা ৩৫ মিনিটে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’ সম্মেলক পরিবেশনা করে। এরপর দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।

নৃত্য পরিবেশনায় অংশ নেয় দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় আদিবাসী সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’। একক আবৃত্তি করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।

সকাল থেকেই উৎসবস্থলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। দর্শনার্থীদের জন্য ছিল গ্রামবাংলার নানা ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসার আয়োজন।

উৎসবে অংশ নেওয়া তৃপ্তি চক্রবর্তী বলেন, নবান্ন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যান্ত্রিক জীবনে নবান্ন উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়ায় জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদকে ধন্যবাদ জানান তিনি। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে ২৮তম উৎসবে সবাই একত্রিত হতে পেরে ভালো লাগছে বলেও জানান তিনি।

টঙ্গী কলেজগেট থেকে আসা শিল্পী রোজী দেবনাথ বলেন, দূর থেকে এসে উৎসবে পরিবেশনা করতে পেরে তাঁর ভালো লেগেছে। পিঠার আয়োজন ও সুন্দর মঞ্চসজ্জার প্রশংসাও করেন তিনি।

ধানমন্ডি থেকে আসা দর্শনার্থী শেখ সাদী বলেন, শহরের মানুষ ও নতুন প্রজন্মের অনেক শিশু নবান্ন সম্পর্কে ভুলতে বসেছে। ঐতিহ্য ধরে রাখার এ উদ্যোগ প্রশংসনীয়।

সকালের অনুষ্ঠানে ‘নবান্ন কথন’ পর্বে অতিথিরা বক্তব্য দেন। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিমের সভাপতিত্বে এবং সঙ্গীতা ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা।

তিনি বলেন, ১৪০৬ বঙ্গাব্দে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের যাত্রা শুরু হয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এবার রবীন্দ্র সরোবরে ২৮তম উৎসব হচ্ছে। শুরু থেকেই অসাম্প্রদায়িক এ উৎসব সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা। বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরাও নবান্ন উদযাপন করছেন, যা তাঁদের জন্য গর্বের।

তবে উৎসব আয়োজনের স্থান পেতে নানা সমস্যার কথাও তুলে ধরেন নাঈম হাসান সুজা। তিনি বলেন, সাধারণত চারুকলায় এ উৎসব আয়োজন করা হয়। এবারও তিন-চার মাস আগে আবেদন করে বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু ১ নভেম্বর জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উৎসব করবেন। ফলে বরাদ্দ বাতিল করা হয়। মিলেমিশে একসঙ্গে উৎসব করার প্রস্তাব দিলেও সে সুযোগ পাওয়া যায়নি।

সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সংস্কৃতিকর্মী, আমরা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না; রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়। সবাই যেন আমাদের কেবল সংস্কৃতিকর্মী হিসেবেই দেখেন এবং সব বিষয়ে সহযোগিতা করেন।” রবীন্দ্র সরোবর মঞ্চ ব্যবহারের সুযোগ দেওয়ায় মঞ্চ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চালের জাউ ও গুড়ের যে সুবাস পাওয়া যেত, এখন নাতি-নাতনিদের সেই অভিজ্ঞতা দেওয়ার সুযোগ কমে গেছে। তবে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এ ঐতিহ্য ধরে রেখেছে।

ফওজিয়া মোসলেম বলেন, নবান্ন, পহেলা বৈশাখ ও ঋতু উৎসব বাঙালির শিকড়ের সঙ্গে যুক্ত লোকজ সংস্কৃতির অংশ। এসব আয়োজনে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না; সবাই মিলেমিশে আনন্দ করেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং দেশ ও সমাজ গড়তে লোকজ ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

আয়োজকেরা জানান, দিনব্যাপী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায়, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ পর্বে শিশু সংগঠনের পরিবেশনা, একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্য থাকবে। অংশ নেবে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি, সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া এস এম মেসবাহ, অবিনাশ বাউল ও তামান্না নিগার তুলিসহ একঝাঁক শিল্পী পরিবেশনায় অংশ নেবেন।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

'মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা' শীর্ষক গোলটেবিল বৈঠক
০৮ নভেম্বর ২০২৬

'মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা' শীর্ষক গোলটেবিল বৈঠক

আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত 'মাতারবাড়ী সমুদ্রবন্দর :...

৯০ বছর বয়সেও জাতীয় বডিবিল্ডিং শিরোপা জিতলেন
২৬ সেপ্টেম্বর ২০২৬

৯০ বছর বয়সেও জাতীয় বডিবিল্ডিং শিরোপা জিতলেন

তরুণ বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নেওয়া স্বাভাবিক। মধ্যবয়সেও অনেকে নিয়মিত ব্যায়াম করেন। কিন্তু ৯...

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি
০৮ সেপ্টেম্বর ২০২৬

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দুটি ভবনের মাঝখানে সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক বাড়ি। নাম ‘...

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও
০৮ সেপ্টেম্বর ২০২৬

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে ‘পপ কুইন’ ম্যাডোনা—অতিথি তালিকায় এমন সব বিখ্যাত নাম থাকলে যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই