চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গুলির ঘটনার পর বাড়ির মালিককে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, বাড়ির মালিক জাফর ভূমি বেচাকেনার সঙ্গে যুক্ত। তাঁর কাছে সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
ওসি বলেন, রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ভবনমালিক জাফর বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফেরার কথা জানালে রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবারও ফোন করে তাঁর কাছে চাঁদা চাওয়া হয়।
জাফরের অভিযোগ, এরপর রাতে ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতেন না। গুলির ঘটনার পর তাঁকে আবার ফোন করা হয়। এ সময় ফোনে বলা হয়, “আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।”
প্রতিবেদনে বলা হয়েছে, বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছে বড় সাজ্জাদের হয়ে রায়হান ও ডেভিড ইমন চাঁদা দাবি করে আসছেন। ডেভিড ইমন গ্রেফতার হওয়ার পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে রায়হান বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অনেকে এ ধরনের অপরাধ করছেন।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬