দেশে হামে মৃত্যুর ঘটনা এখন রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ নয়; মৃত্যুগুলোকে স্রেফ সংখ্যা হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির নেত্রী তাজনূভা জাবীন। তাঁর অভিযোগ, হামের টিকা নিয়ে অনিয়মের তদন্তে কমিটি গঠন করা হলেও আক্রান্ত রোগীদের চিকিৎসার অগ্রাধিকার এবং জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসাব্যবস্থা জোরদার করার বিষয়ে দৃশ্যমান তৎপরতা নেই।
সোমবার (১৬ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তাজনূভা লেখেন, “গতকালও হামে ৮ জন মারা গেছে, মোট মৃত্যু ১৩০০। এটা সরকারি হিসাব। কী অবিশ্বাস্যভাবে আমরা এই মৃত্যুগুলোকে এখন স্রেফ সংখ্যা হিসেবে দেখছি। কোনো আওয়াজ নাই এই চলমান মৃত্যু নিয়ে।”
তিনি আরো লেখেন, “হামের টিকা সংক্রান্ত অনিয়মের তদন্ত করতে এই মাসে ৩ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কিন্তু যারা এরইমধ্যে আক্রান্ত, তাদের চিকিৎসার অগ্রাধিকারের বিষয়ে কোনো আলাপ নাই। ঢাকার বাইরে অন্যান্য জেলা উপজেলা পর্যায়ে, পার্বত্য অঞ্চলে হামের রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বের কোনো আলাপ নাই। কোনো তৎপরতা নাই। কেন মৃত্যু বন্ধ হচ্ছে না, এর কোনো আলোচনা-সমালোচনা নাই। কারণ এই মৃত্যুগুলো রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। হাম নিয়ে রাজনীতি শেষ সব পক্ষের। এখন মৃত্যু স্রেফ সংখ্যা।”
তাজনূভা জাবীন আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত সংসদ নির্বাচনে দলটি থেকে ঢাকা-১৭ আসনে ঘোষিত প্রার্থীও ছিলেন তিনি। দলীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে গত বছরের ২৮ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬