ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে মো. মেহেদী (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উত্তেজিত এলাকাবাসীর মারধরের শিকার হন মেহেদী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেটসংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামানকে কুপিয়ে হত্যা করা হয়। ৩৫ বছর বয়সী সুরুজ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তাঁর বড় ভাই রোমান কাউসার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন সুরুজ। পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা সড়ক অবরোধ করেন। এ সময় হত্যায় জড়িত সন্দেহে মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাঁকে পিটুনি দেন।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পিটুনিতে নিহত মেহেদীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬