গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:০২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে অনিশ্চয়তায় ১২ শিক্ষকের কর্মজীবন
ছবি

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সহকারী শিক্ষকের বদলি ও সেই আদেশ স্থগিত করা নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। বদলির আদেশে নতুন কর্মস্থলে যোগদানের প্রায় দেড় মাস পরও স্থগিতাদেশের লিখিত কপি না পাওয়া এবং প্রশাসনের ভিন্ন ভিন্ন বক্তব্যে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষকরা। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। তবে ইউএনওর দাবি, স্থগিতাদেশের বিষয়টি শিক্ষকদের মৌখিকভাবে জানানো হয়েছিল।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য আবেদন করেছিলেন ৪৩ জন শিক্ষক। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটি ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ দেয়। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার পর তাঁরা আদেশের চিঠি পান। পরদিন ১ অক্টোবর যোগদানপত্র দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেন। এরপর নিয়মিত হাজিরা দিয়ে পাঠদান ও অন্যান্য দায়িত্ব পালন করে আসছিলেন তাঁরা।

শিক্ষকদের অভিযোগ, যোগদানের ১৩ দিন পর ১৩ অক্টোবর হঠাৎ বদলির আদেশ স্থগিতের একটি চিঠি প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়। অথচ ওই ১২ শিক্ষকের কেউই এ বিষয়ে আগে কিছু জানতে পারেননি। তাঁদের কাউকে স্থগিতাদেশের লিখিত কপিও দেওয়া হয়নি। ফলে লোকমুখে শোনা স্থগিতাদেশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একদিকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন, অন্যদিকে বদলির আদেশ স্থগিতের খবর - দুইয়ের মধ্যে আটকে পড়েন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল পরিদর্শক বলেন, বদলির আদেশ স্থগিত হওয়ার অর্থ এই নয় যে শিক্ষকরা স্বয়ংক্রিয়ভাবে আগের কর্মস্থলে ফিরে যাবেন। এ ধরনের পরামর্শের ভিত্তিতে ১২ শিক্ষক নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।

এদিকে বদলি ও স্থগিতাদেশের বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিক্ষকদের ডেকে নেওয়া হয়। সভায় ইউএনওর দায়িত্বে থাকা সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাঁদের সতর্ক করার অভিযোগ করেছেন শিক্ষকরা।

শিক্ষকদের দাবি, বদলির জন্য তাঁরা বিধি অনুযায়ী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বদলির আদেশ পেয়ে নতুন কর্মস্থলে যোগ দেন। শিক্ষা অফিসও তাঁদের যোগদানপত্র গ্রহণ করে। কিন্তু পরে স্থগিতাদেশের বিষয়ে তাঁদের লিখিতভাবে কিছু জানানো হয়নি। এমনকি সংশ্লিষ্ট উপজেলা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও তাঁদের মৌখিকভাবে বিষয়টি জানাননি বলে দাবি শিক্ষকদের।

তাঁদের অভিযোগ, স্বার্থের ব্যাঘাত হওয়ায় কতিপয় ব্যক্তির প্ররোচনায় ১২ শিক্ষককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা চলছে। ইউএনওর কার্যালয়ে ডেকে নিয়ে তাঁদের ওপর অযথা দায় চাপানো হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য তাঁদের প্রতি অন্যায় করা হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

কর্মস্থলে অনুপস্থিত থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই নতুন কর্মস্থলে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। আমরা বদলি আদেশ স্থগিতের খবর কর্মস্থলে যোগদানের অনেক পরে লোকমুখে জেনেছি। কোনো লিখিত কপি আমরা হাতে পাইনি। পরে প্রধান শিক্ষকদের গ্রুপে স্থগিতাদেশের কপি দেখে জানতে পারি, চিঠিটি ৩০ সেপ্টেম্বর ইস্যু করা হয়েছে। অথচ সেটি আমাদের নজরে আসে ১৩ অক্টোবর। আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা কিংবা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কেউ বিষয়টি মৌখিকভাবে বা লিখিতভাবে জানাননি।’

তিনি আরো বলেন, ‘কোন উদ্দেশ্য হাসিল করতে আমাদের ১২ শিক্ষকের বিরুদ্ধে এমন আচরণ ও অনধিকার চর্চা শুরু হয়েছে, জানি না। অথচ যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটির মাধ্যমে আমরা বদলি পেয়েছি। শিক্ষা অফিস আমাদের যোগদানপত্র সাদরে গ্রহণ করে। এখন সেটি অস্বীকার করছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আমরা চাই না কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কারো ব্যক্তিস্বার্থ হাসিল করতে আমাদের ওপর অন্যায় করা হোক।’

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি একটি সংগীতানুষ্ঠানে আছি। এ মুহূর্তে কোনো কিছু বলতে পারব না।’ তবে তিনি দাবি করেন, বদলিকৃত ১২ শিক্ষকের যোগদানপত্র তিনি গ্রহণ করেননি।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, মৌখিকভাবে বদলির আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়েছিল। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২ শিক্ষককে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। স্থগিতাদেশের কথা জানার পরও তাঁরা কেন আগের বিদ্যালয়ে ফিরে যাননি, তা জানতে তাঁদের কার্যালয়ে ডাকা হয়েছিল।

ইউএনও আরো বলেন, আগামী রোববার শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এ ছাড়া আগের বদলির আদেশে কিছু অসংগতি পাওয়া গেছে। নতুন আদেশ জারির বিষয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।


সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ
১৬ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে জুয়া ও জন্মনিবন্ধনে অনিয়ম নিয়ে উদ্বেগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে জুয়ার বিস্তার এবং শিশুদের জন্মনিবন্ধন নি...

চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি
১৬ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছো...

সুরুজ হত্যায় সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
১৬ নভেম্বর ২০২৬

সুরুজ হত্যায় সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে মো. মেহেদী...

কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
১৬ নভেম্বর ২০২৬

কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিনতলা ভবনের ছাদে চোখ বাঁধা অবস্থায় কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে স্নিগ্ধা বর্ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই