পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে জুয়ার বিস্তার এবং শিশুদের জন্মনিবন্ধন নিয়ে প্রতারণা ও অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানালে বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) পীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রশাসনের নবাগত কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন খন্দকার এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক। সভায় সভাপতিত্ব করেন এটিএম মাজহারুল আলম মিলন। সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান হাবিব।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে জুয়ার আসর ও অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রম নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বিশেষ করে দূরত্ববেটিং ও অনলাইন জুয়ার কারণে যুবসমাজের একটি অংশ আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ডে জড়িত চক্র শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।
এ ছাড়া শিশুদের জন্মনিবন্ধনসংক্রান্ত তথ্য নিয়ে প্রতারণা ও অনিয়মের আশঙ্কার কথাও তুলে ধরেন সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, কোনো কোনো অসাধু চক্র শিশুদের পরিচয় ও জন্মনিবন্ধনের তথ্য নিয়ে অনিয়ম করছে। এর ফলে ভবিষ্যতে শিশুদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য, পাসপোর্ট তৈরি ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। এ ধরনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী। তিনি উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সাংবাদিকরা বলেন, জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার বিষয়গুলো প্রশাসনের নজরে আনা তাঁদের দায়িত্ব। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা থাকলে পীরগঞ্জের উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পীরগঞ্জের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সানা/কেএমএএ/আপ্র/১৬/১১/২০২৬