বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ১৩৫ ম্যাচে ৯৪ গোলের কীর্তি নিয়ে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানান লুকাকু। ২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বেলজিয়াম দলে অভিষেক হয় তাঁর। ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। কয়েক মাস পর রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের গোলযাত্রা শুরু করেন তিনি।
বেলজিয়ামের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন লুকাকু। বিশ্বকাপ খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।
অবসরের ঘোষণায় সতীর্থ, জাতীয় দলের কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান লুকাকু। তিনি লেখেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’
বেলজিয়ামের হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া হয়নি লুকাকুর। তবে ৯৪ গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
ডিসি/আপ্র/১৬/১১/২০২৬