ফিফা পুরুষ ফুটবল র্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।
আগের অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। ১৯৯৪ সালে নাইজেরিয়ার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবেও এই কীর্তি গড়ল তারা।
রোববার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলেছে মরক্কো। সাম্প্রতিক আন্তর্জাতিক ও মহাদেশীয় প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের সুবাদে এই উন্নতি হয়েছে তাদের।
বিশ্বকাপ ফুটবলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে মরক্কো। ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে ইতিহাস গড়েছিল তারা।
এর আগে বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান ও আরব দেশ হওয়ার কৃতিত্বও তাদের। পরবর্তী বিশ্বকাপেও কোয়ার্টার-ফাইনালে ওঠার সাফল্য ধরে রেখেছে দলটি। তবে দুই আসরেই শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
বিশ্বকাপের সেই সাফল্যের পরও ছন্দ ধরে রেখেছে মরক্কো। ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড রয়েছে তাদের। শুক্রবার নিজেদের মাঠে নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ ওহাবির দল।
রাবাতের দর্শকদের সামনে দাপুটে ফুটবল খেলেছে স্বাগতিকরা। গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।
তবে মরক্কোর সর্বশেষ আফকন শিরোপা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেনেগালের আপিলের পর বিষয়টি এখন ক্রীড়া সালিশি আদালতে বিচারাধীন।
চলতি বছরের জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত আফকন ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা প্রায় ১৪ মিনিট মাঠের বাইরে ছিলেন।
পরে তারা ফিরে এসে খেলা শুরু করেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। এরপর অতিরিক্ত সময়ে গোল করে শিরোপা জেতে সেনেগাল।
তবে দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড ফাইনালের ফল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনেগালকে পরাজিত ঘোষণা করে ৩-০ গোলে মরক্কোকে জয়ী ও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে সেনেগাল।
বিতর্কিত এই সিদ্ধান্তে পাওয়া শিরোপাটি মরক্কোর ইতিহাসে দ্বিতীয় আফকন ট্রফি। এর আগে ১৯৭৬ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল দেশটি। এ ছাড়া ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের সহ-আয়োজক হিসেবেও দায়িত্ব পালন করবে মরক্কো।
ডিসি/আপ্র/১৬/১১/২০২৬