গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক
ছবি

কার্লের এ সমস্যা ‘প্রসোপোমেটামরফোপসিয়া’ নামে পরিচিত, যেখানে চেহারার বিকৃতি ঘটে -ছবি গবেষণাপত্র থেকে নেওয়া

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক যুবক। এখন তিনি প্রায় সব মানুষের মুখের মধ্যে নিজের পোষা বিড়াল ‘লুনা’র চেহারা দেখতে পান। কখনো আবার এর উল্টোটিও ঘটে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কোনো মানুষের মুখ দেখলে পরবর্তী সময়ে নিজের বিড়ালসহ অন্যদের চেহারায় ওই ব্যক্তির মুখের বৈশিষ্ট্য দেখতে পান তিনি। দুই বছর ধরে এমন অস্বাভাবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ওই যুবক।

গবেষণাপত্রে তাঁর পরিচয় প্রকাশ না করে ‘কার্ল’ নামে উল্লেখ করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা কার্লের এই সমস্যা শুরু হয় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর। মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে এমন অস্বাভাবিক জট পাকানো রক্তনালি, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যার নাম ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’, অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজ ও ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হাসপাতালের গবেষকরা বিরল এই ঘটনাটি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘কর্টেক্স’-এ।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, কার্লের এই অভিজ্ঞতা কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো পুরো দিন স্থায়ী হয়। মানুষের মুখে বিড়ালের বৈশিষ্ট্যগুলো এমনভাবে মিশে যায় যে, সেগুলো আলাদা করে চাপিয়ে দেওয়া বলে মনে হয় না। বরং মুখের স্বাভাবিক বৈশিষ্ট্যের সঙ্গে মিশে থাকে এবং দেখার দূরত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলোর ধরনও বদলে যায়।

মস্তিষ্কের বিশেষ অংশের সঙ্গে সম্পর্ক: গবেষকরা কার্লের অবস্থাকে ‘প্রসোপোমেটামরফোপসিয়া’ নামে পরিচিত একটি বিরল স্নায়বিক সমস্যার সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন। এ অবস্থায় মানুষের মুখের চেহারা ও বৈশিষ্ট্য বিকৃতভাবে দেখা যায়।

তবে কার্লের ক্ষেত্রে এর সঙ্গে আরো একটি বিশেষ বিষয় যুক্ত হয়েছে। সেটি হলো ‘প্যালিনোপসিয়া’। এ অবস্থায় চোখের সামনে থেকে কোনো দৃশ্য সরে যাওয়ার পরও মস্তিষ্ক সেই দৃশ্যের স্মৃতি ধরে রাখে এবং পরে আবার তা দৃশ্যমান বলে মনে হতে পারে। অর্থাৎ আগে দেখা কোনো মানুষের মুখ কিংবা বিড়ালের অবয়ব পরবর্তী দৃশ্য দেখার সময়ও মস্তিষ্কে ফিরে আসতে পারে।

গবেষকদের মতে, মানুষের মুখ শনাক্ত করার প্রক্রিয়ায় মস্তিষ্কের ডান পাশের টেম্পোরাল লোব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্লের অস্ত্রোপচারের সময় মস্তিষ্কের এই অংশের কিছুটা অপসারণ করতে হয়েছিল। তাঁর বর্তমান অভিজ্ঞতার সঙ্গে অস্ত্রোপচারের এই বিষয়টির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডার্টমাউথ কলেজের মনোবিজ্ঞানী ও মস্তিষ্কবিজ্ঞানী ব্র্যাড ডুচেইন বলেন, মানুষের মুখে কার্লের বিড়ালের বৈশিষ্ট্য এবং এর বিপরীত ঘটনা থেকে বোঝা যায়, স্মৃতিতে সংরক্ষিত বিভিন্ন বৈশিষ্ট্য আলাদাভাবে সক্রিয় হয়ে আমাদের চলমান দৃষ্টিগত উপলব্ধিকে প্রভাবিত করতে পারে।

অভিজ্ঞতা বোঝাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ছবি: কার্লের অস্বাভাবিক অভিজ্ঞতা অন্যদের কাছে বোধগম্য করে তুলতে গবেষক ব্র্যাড ডুচেইন তাঁর সঙ্গে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিছু ছবি তৈরি করেছেন। এসব ছবিতে মানুষের মুখের সঙ্গে বিড়ালের বৈশিষ্ট্য মিশে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

গবেষকদের মতে, এ ধরনের স্নায়বিক সমস্যা বোঝার ক্ষেত্রে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কয়েকটি শব্দ বা বাক্যের নির্দেশনা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে রোগীর চাক্ষুষ অভিজ্ঞতার কাছাকাছি ছবি তৈরি করা সম্ভব। রোগীর বর্ণনার সঙ্গে ছবির মিল না হওয়া পর্যন্ত সেগুলো সংশোধনও করা যায়।

ব্র্যাড ডুচেইন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকদের এমন ব্যক্তিদের অস্বাভাবিক চাক্ষুষ অভিজ্ঞতার আরো নিখুঁত দৃশ্যায়ন তৈরির সুযোগ করে দিয়েছে। রোগী ঠিক কী দেখছেন, তা দৃশ্যমানভাবে বোঝা গেলে তাঁর সমস্যার ধরন নিয়ে আরো গভীরভাবে গবেষণা এবং তা মোকাবিলার উপায় খুঁজে বের করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় রোগীরাও সরাসরি অংশ নিতে পারছেন।

১৯৮৬ সালেও ঘটেছিল একই ধরনের ঘটনা: এ ধরনের অভিজ্ঞতার নজির অবশ্য আগেও পাওয়া গেছে। ১৯৮৬ সালে ‘কর্টেক্স’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ৫৮ বছর বয়সী এক নারীর অদ্ভুত অভিজ্ঞতার কথা উঠে আসে। বাসে বসে তিনি এক সহযাত্রীর কুকুর দেখেছিলেন। এরপর অন্য যাত্রীদের মুখের দিকে তাকালে তাঁদের সবার চেহারায় ওই কুকুরের মুখের আদল দেখতে পান।

ওই নারীর ক্ষেত্রেও মস্তিষ্কের ক্ষতির ইতিহাস ছিল। তবে তাঁর সমস্যার সূত্রপাত হয়েছিল স্ট্রোকের পর। স্ট্রোকের কারণে তিনি পরিচিত মানুষ, এমনকি নিজের অ্যাপার্টমেন্টও চিনতে সমস্যায় পড়েছিলেন।

গবেষকদের মতে, কার্ল ও ওই নারীর অভিজ্ঞতা থেকে মানুষের মুখমণ্ডল শনাক্ত করার ক্ষেত্রে মস্তিষ্কের বিশেষ প্রক্রিয়ার বিষয়টি সামনে আসে। লক্ষণীয় বিষয় হলো, তাঁদের ক্ষেত্রে বিড়াল বা কুকুরের বৈশিষ্ট্য মানুষের মুখেই প্রতিফলিত হয়েছে; গাছপালা কিংবা আসবাবপত্রের মতো অন্য বস্তুতে নয়।

মানুষের মস্তিষ্ক কেবল চোখের সামনে থাকা দৃশ্য গ্রহণ করে না, এর সঙ্গে স্মৃতি ও অন্যান্য তথ্যও সমন্বয় করে। ফলে দেখা কোনো দৃশ্যের সঙ্গে স্মৃতিতে থাকা বৈশিষ্ট্য মিশে গিয়ে অস্বাভাবিক চাক্ষুষ অভিজ্ঞতা তৈরি হতে পারে। তবে এ প্রক্রিয়ায় ঠিক কী ঘটে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। বিষয়টি বুঝতে আরো গবেষণার প্রয়োজন।

গবেষকরা আশা করছেন, রোগীদের চাক্ষুষ অভিজ্ঞতার বাস্তবসম্মত ও আলোকচিত্রের মতো দৃশ্যায়ন ভবিষ্যতে এ ধরনের স্নায়বিক সমস্যার গবেষণায় গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। তাঁদের মতে, রোগীরা ঠিক কী দেখছেন, তা যত নিখুঁতভাবে তুলে ধরা সম্ভব হবে, এসব অস্বাভাবিক দৃষ্টিগত অভিজ্ঞতা বোঝার পথও তত সহজ হবে। সূত্র: সায়েন্সঅ্যালার্ট
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি
১৭ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি

কয়েক মাস আগে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন, সার্ভারের সক্ষমতা কমে যাওয়া এবং অস্বাভাবিক মাত্রায় তথ্...

মঙ্গলে প্রাণের সন্ধানে রোবটের ঝাঁক পাঠানোর পরিকল্পনা
১৬ নভেম্বর ২০২৬

মঙ্গলে প্রাণের সন্ধানে রোবটের ঝাঁক পাঠানোর পরিকল্পনা

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজতে একঝাঁক রোবট পাঠানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। জার্মান...

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক
১৩ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী।...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দৈনন্দিন সহায়তা করবে যেসব অ্যাপ
১৩ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দৈনন্দিন সহায়তা করবে যেসব অ্যাপ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা, খাবারের হিসাব রাখা, নির্দিষ্ট সময়ে ওষুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই