মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজতে একঝাঁক রোবট পাঠানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। জার্মান মহাকাশ সংস্থার অর্থায়নে পরিচালিত ‘ভ্যামেক্স’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। গবেষকদের আশা, বিভিন্ন ধরনের রোবট একে অপরের সঙ্গে সমন্বয় করে মঙ্গলের দুর্গম ও জটিল ভূখণ্ডে অনুসন্ধান চালাতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলে অনুসন্ধান অভিযানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, পৃথিবীর মতো পথনির্দেশনা বা মানচিত্র তৈরির জন্য সেখানে কোনো নেভিগেশন স্যাটেলাইট নেই। এ ছাড়া মঙ্গলে থাকা রোবটের সঙ্গে পৃথিবীতে অবস্থানরত প্রকৌশলীদের বার্তা আদান-প্রদানেও ২০ মিনিটের বেশি সময় লাগে।
গবেষকেরা মঙ্গলের ‘ভ্যালেস মেরিনারিস’ উপত্যকায় রোবটের এই ঝাঁক পাঠাতে চান। পরিকল্পনা অনুযায়ী, আকাশ ও ভূমি- দুই দিক থেকেই উপত্যকাটি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সেখানে থাকা বলে ধারণা করা গুহাগুলোর ভেতরেও প্রবেশ করবে রোবটগুলো।
২০১২ সাল থেকে জার্মান মহাকাশ সংস্থার অর্থায়নে ‘ভ্যামেক্স’ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বর্তমানে এটি উন্নয়নের চতুর্থ ধাপে রয়েছে। এ পর্যায়ে বিভিন্ন রোবট পরিচালনার হার্ডওয়্যার ও সফটওয়্যার কীভাবে কাজ করবে, তা নিয়ে আরো সূক্ষ্ম ও বিস্তারিত গবেষণার সুযোগ তৈরি হয়েছে।
প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘স্কাইক্যাম’ ব্যবস্থা। আকাশ পর্যবেক্ষণের জন্য তৈরি এ ব্যবস্থা বজ্রপাত, মেঘ কিংবা শনাক্ত না হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা বা ‘ইউএপি’ সম্পর্কে তথ্য পৃথিবীতে পাঠাতে পারবে।
আগামী বছর পর্তুগালে মঙ্গলের পরিবেশের আদলে তৈরি পরীক্ষামূলক অভিযান ‘অ্যামাডি-২৭’ অ্যানালগ মিশনে ব্যবস্থাটির পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। গবেষকদের পরিকল্পনা, মঙ্গলে এ ধরনের দুটি বা তিনটি স্কাইক্যাম স্টেশন স্থাপন করা। স্টেশনগুলো আকাশের দৃশ্য ধারণের পাশাপাশি নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে। এতে মঙ্গলের আকাশ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি রোবটের ঝাঁকের অন্য সদস্যদের চলাচলেও সহায়তা মিলবে বলে আশা করছেন তাঁরা।
প্রকল্পের আরেকটি লক্ষ্য, এমন রোবট তৈরি করা, যেগুলো মঙ্গলের মাটিতে নিজেদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করতে পারবে। নেভিগেশন স্যাটেলাইট না থাকায় গবেষকেরা বিকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা করছেন। এতে পর্যবেক্ষণকারী সেন্সরের তথ্যের সঙ্গে রেডিও বিকন নেটওয়ার্ক থেকে পাওয়া অবস্থানগত তথ্য সমন্বয় করা হবে।
রেডিও বিকন হলো বিশেষ ধরনের সংকেত প্রেরক যন্ত্র, যা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে নিয়মিত বিরতিতে রেডিও সংকেত প্রচার করে। এই দুই উৎসের তথ্য একত্র করে এমন রোবট তৈরি করতে চান গবেষকেরা, যেগুলো ভূপ্রকৃতি যেমনই হোক, নিজস্ব প্রযুক্তি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজেদের অবস্থান এবং গন্তব্যে পৌঁছানোর পথ নির্ধারণ করতে পারবে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬