মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। জেলার ১০২টি পূজামণ্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৮১৩ জন পুলিশ সদস্য।
রোববার (১৫ নভেম্বর) সকালে পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা আজাদ হোসেন।
প্রতিবছরের মতো এবারও কাত্যায়নী পূজা উপলক্ষ্যে জেলার বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগমের আশা করা হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপগুলোতে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পূজা উদযাপন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা উপভোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে জেলা পুলিশের এই নিরাপত্তা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬