মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হকের একটি ট্র্যাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে নদীর পাড়ে অভিযান চালিয়ে বালু পরিবহনে ব্যবহৃত ট্র্যাক্টরটি আটক করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি পাইপ ও মেশিনও ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, বদরগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে সেতু ও ফসলি জমি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বালু উত্তোলনের নিয়ন্ত্রণে হাতবদল হলেও স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী এ অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে পুলিশসহ প্রশাসনের একটি দল মধুপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের স্থানে অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি পাইপ ও মেশিন ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বালু পরিবহনের অভিযোগে একটি ট্র্যাক্টর আটক করে থানায় নেওয়া হয়। পরে জানা যায়, ট্র্যাক্টরটি এবং সংশ্লিষ্ট বালু উত্তোলনের স্থানটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হকের।
এদিকে আটক ট্র্যাক্টরটি ছাড়িয়ে নিতে ভূমি কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেনদরবার শুরু করেন দামোদরপুর ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে তিনি জানান, সহকারী কমিশনার তাঁকে বলেছেন, ইউএনওর নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে আইনগতভাবে ট্র্যাক্টরটি ছাড়িয়ে নিতে হবে। তবে এত টাকা জরিমানা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
আশরাফুল ইসলাম আরো দাবি করেন, ট্র্যাক্টরটি কোনো বালু উত্তোলনের স্থান থেকে আটক করা হয়নি। এটি এক আওয়ামী লীগ নেতার বালু উত্তোলনের স্থান থেকে বালু পরিবহনের সময় আটক করা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক দাবি করেন, এটি কোনো অবৈধ বালু উত্তোলনের স্থান নয়, বরং তাঁর নিজস্ব জমি। সেখান থেকে বালু তুলে নিজের ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল।
তবে তাঁর এ দাবি প্রত্যাখ্যান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, নদী থেকে বালু উত্তোলনের সময়ই ট্র্যাক্টরটি আটক করা হয়েছে। নদী কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং জরিমানা পরিশোধের মাধ্যমেই গাড়ির মালিককে ট্র্যাক্টরটি ছাড়িয়ে নিতে হবে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬