গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

সুযোগ পেলে যোগ্যতায় প্রতিষ্ঠিত হন নারীরা: চসিক প্রশাসক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৫১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
সুযোগ পেলে যোগ্যতায় প্রতিষ্ঠিত হন নারীরা: চসিক প্রশাসক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রতিকূলতা ও তীব্র সমালোচনার মুখেও বেগম খালেদা জিয়া নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। তাঁর পাশাপাশি অসংখ্য নারীর সাফল্য প্রমাণ করে, সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা এখনো বড় চ্যালেঞ্জ। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের তরুণ নেতারা যাতে এগিয়ে আসতে ও নিজেদের বিকশিত করতে পারেন, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় ঐক্যকে সর্বোচ্চ আদর্শ হিসেবে ধারণ করতে হবে। কারণ, সবকিছুর ঊর্ধ্বে আমাদের একটিই গর্বিত পরিচয়-আমরা বাংলাদেশি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, বাস্তবমুখী ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, নারীরা পরিবারের মূল ভিত্তি। পরিবারের সঞ্চয় ব্যবস্থাপনা এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের সবচেয়ে বড় ভরসা তরুণ সমাজ। সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, তরুণেরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা সম্ভব। তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। রাজনীতিতে অংশ নেওয়ার আগে তরুণদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু স্লোগাননির্ভর রাজনীতি দিয়ে নেতৃত্ব তৈরি হয় না।

জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, জাতীয় সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়ানো যেতে পারে। রাজনৈতিক চর্চার ঘাটতির কারণে দেশে নানা সমস্যা রয়েছে। তরুণদের বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।

রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়া, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণকে সংকুচিত করে রেখেছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরা প্রায়ই নারী অধিকারের কথা বললেও তা বাস্তবায়নে অর্থবহ পদক্ষেপ নেন না। রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা দুর্নীতির জন্য নয়। নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, নারীদের প্রতি সমাজের আচরণ কেমন হবে, তা নির্ভর করে নারী সম্পর্কে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের প্রশ্রয়েই নারীরা বৈষম্যের শিকার হন। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বলেন, রাজনীতিতে নারীদের ব্যাপক অবদান থাকলেও তাঁদের নানা বাধার মুখোমুখি হতে হয়। এসব বাধার শুরু হয় পরিবার থেকেই। পিতৃতান্ত্রিক মানসিকতার কারণে অনেক পরিবার নারীদের রাজনীতিতে অংশগ্রহণে নিরুৎসাহিত করে। নারীদের অবদানকে শুধু প্রতীকী প্রতিনিধিত্বে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অর্থবহ ভূমিকা নিশ্চিত করতে হবে।

সিজিএস নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ সংলাপ ও কর্মশালার আয়োজন করে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়ানো ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও অধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা পরিচালনা করেন।

প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব ও রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নারীদের ক্ষমতায়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ ছাড়া পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই