পিরোজপুরে সুষ্ঠু ফৌজদারি বিচার প্রশাসন নিশ্চিত করা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং আদালত ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার বিষয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সভাকক্ষে মাসিক এ সম্মেলনের আয়োজন করে পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আফছারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।
সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের বিচারক এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
সম্মেলনে মামলার পরোয়ানা ও অন্যান্য প্রসেস জারির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূর করা, আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং যথাসময়ে মামলার কেস ডায়েরি উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অনুসন্ধান ও তদন্তের সমস্যা নিরসন, পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে সমন্বয়, দ্রুত জখমি সনদ প্রদান, চিকিৎসকদের সাক্ষ্য নিশ্চিত করা, বিচারক ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা এবং আদালতে প্রসিকিউশন দাখিলের বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। পুলিশ সুপার আদালত প্রাঙ্গণের নিরাপত্তা আরো জোরদার করতে কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেন।
সিভিল সার্জন প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের জন্য বরাদ্দ রাখার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি মেডিকেল সনদ প্রদানকারী চিকিৎসকদের সিলের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা দেওয়ার কথা বলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে সিভিল সার্জন, পুলিশ সুপার ও এসআরবি-৮-এর প্রতিনিধিদের দ্রুত মেডিকেল সনদ প্রদান ও সংগ্রহ এবং ডোপ টেস্টের কিট সরবরাহের আহ্বান জানানো হয়। তিনি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের মতো বিচারযোগ্য মামলা দ্রুত নিষ্পত্তি করা গেলে অপরাধের প্রবণতা কিছুটা কমতে পারে।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তাঁদের সার্বিক মঙ্গল কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
সানা/আপ্র/১৬/১১/২০২৬