গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার আহ্বানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছেন শিক্ষকসমাজ। ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল রোববার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব আত্মোৎসর্গকারীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উপাচার্য বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং অলিখিত ধর্মঘট ডেকে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ও জনজীবনের স্বস্তি বিনষ্টের যে অপচেষ্টা চলছে, দেশের ছাত্র-জনতা ও শিক্ষকসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বেরোবিতে কোনো সেশনজট নেই। একাডেমিক ও গবেষণা কার্যক্রমও পুরোদমে এগিয়ে চলছে। স্বাভাবিক ও সৃষ্টিশীল এই পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। অপশক্তির প্ররোচনায় পা না দিয়ে তরুণ শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, প্রক্টর মো. ইসমাইল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোহ্সীনা আহ্সান এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম. জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বক্তারা ক্যাম্পাসে যেকোনো ধরনের নৈরাজ্য ও বৈষম্য রুখে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মানববন্ধন শেষে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬