ঢোল, সারিন্দা, দোতারা ও একতারার সুরে প্রাচীন বাংলার চর্যাসংগীতের আবহে রাজধানীতে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল-ফকির ও সাধকশিল্পীদের সংগীত পরিবেশনা, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে রোববার এ উৎসবের সমাপ্তি ঘটে।
‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্য নিয়ে ভাবনগর ফাউন্ডেশন তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত আসরের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী দিনের কর্মসূচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি, নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া।
সমাপনী দিনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চর্যাপদ সংগীত প্রশিক্ষণ কর্মশালা। এতে চর্যাপদের আদিভাষায় মল্লার রাগে ভাদেপা রচিত ৩৫ নম্বর পদ ‘এতকাল হাঁউ অচ্ছিলেঁ স্বমোহে’ গানের প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলি) প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া।
পরে সাধককবি ও সুরকার শাহ আলম দেওয়ান কবি বীণাপা রচিত ১৭ নম্বর পদের সমকালীন বাংলা রূপান্তর ‘আগুন হয়ে সূর্য যে যায় পাটে’ গানের প্রশিক্ষণ দেন। পদটির বাংলা রূপান্তর করেছেন সাইমন জাকারিয়া।
দ্বিতীয় পর্বে ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত বলেন, ভাবসাধকদের এই চর্যাপদ পুনর্জাগরণ এখন বাংলাদেশের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রাচীন বাংলার চর্যাপদ আর কেবল পুঁথির পাতা কিংবা প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন অঞ্চলের সাধকেরা নিজেদের সংগীতচর্চা, সুর ও সাধনার মধ্য দিয়ে এসব গানকে নতুন জীবন দিয়েছেন।
আলোচনা শেষে সাধকশিল্পীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় চর্যাসংগীত শোভাযাত্রা। এতে শিল্পী ও বাদ্যযন্ত্রীরা ঢোল, সারিন্দা, দোতারা, একতারা, খমক ও মন্দিরা বাজিয়ে সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর’, চতুর্থ পদ ‘আলিঙ্গন দাও’ এবং ১৮তম পদ ‘তিনটি ভুবন’ পরিবেশন করেন। গান গাইতে ও নাচতে নাচতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন।
উৎসবের তৃতীয় ও শেষ পর্বে বসে ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম চর্যাপদ সংগীত আসর। এতে ঝিনাইদহের জ্ঞানহীন নাইম ও ফতেহ কামাল, কিশোরগঞ্জের সিদ্দিক ফকির ও উজ্জ্বল ফকির, জামালপুরের এরশাদ হোসেন, পটুয়াখালীর আনিস মুন্সী, কেরানীগঞ্জের নীল রতন সরকার, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক ও হালিমা বেগম, পাবনার ফকির আবুল হাশেম এবং ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এর আগে শনিবার সকালে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে উৎসবের উদ্বোধন করেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ম্যাক্স স্টিলে।
আয়োজকেরা জানান, ২০১৪ সাল থেকে সাপ্তাহিক সাধুসঙ্গের মাধ্যমে চর্যাপদের গান পুনর্জাগরণে কাজ করছে ভাবনগর ফাউন্ডেশন। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক ২০০৩ সালের কনভেনশনের অধীনে স্বীকৃত বেসরকারি সংস্থার মর্যাদা লাভ করে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬