রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের একটি ভবনের মালিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কার্যালয়ে হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করার জন্য একটি বিদেশি নম্বর থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের নাম উল্লেখ করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬