নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা বাবুল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, সদস্যসচিব সাব্বির হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো সাত-আটজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম শনিবার জানান, শুক্রবার (১৩ নভেম্বর) আব্দুল কাদের অভিযোগটি জমা দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইলের চামটা বিলে তাকে আটকে রেখে তিন লাখ টাকা আদায় করা হয়।
অভিযোগে নাম থাকা অন্য ব্যক্তিরা হলেন ছাত্রদলের সদস্যসচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০) ও সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) এবং জোবায়ের হোসেন (৩৫)। ছাত্রদল নেতা বাবুল হোসেনের বয়স ৩০ বছর।
আব্দুল কাদেরের অভিযোগ, জোনাইলের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। এ সময় প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেতুর পাশে যে জমিতে জাল বসানো হয়েছিল, সেটি তার।
অভিযানের খবর উপজেলা প্রশাসনকে আব্দুল কাদের দিয়েছেন - এমন সন্দেহ করেন বাবুল হোসেন। এ কারণে মঙ্গলবার দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে তাকে তুলে চামটা বিলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদের বলেন, সেখানে তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে হয়। আরো এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকারও আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ব্যবসায়ীর দাবি, আফসার আলী তার কাছ থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে বা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তবে বিএনপি নেতা আফসার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল। তবে তিনি জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সেখানে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হবে।
সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬