ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা মনে করে দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে রাজ্যের দিন্দোরি জেলার কোতোয়ালি থানার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। তিনি নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে আসেন রাম ভগত বারোতিয়া। দুজনের কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন বলে অভিযোগ উঠেছে।
রাজেন্দ্র সেটি মুখে দিয়ে কামড় দিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, এটি ছিল প্রাণী মারার কাজে ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা প্রতিবেশীদের সহায়তা চান। পরে একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাম ভগতসহ দুজনকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, অন্ধকারের কারণে রাজেন্দ্রর হাতে বোমা, নাকি রসগোল্লা দেওয়া হচ্ছে, তা তিনি স্পষ্ট বুঝতে পারেননি। বস্তুটিতে কামড় দেওয়ার মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাম ভগত জানিয়েছেন, এক কিশোর তাঁকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজেন্দ্র ও অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৪/১১/২০২৬