দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষের কন্ডিশন, সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্বাগতিকদের পেস সহায়ক পরিবেশ, সব মিলিয়ে নাজমুল হোসেন শান্তর দলের সামনে কঠিন পরীক্ষা।
তবে এবার বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গা নিজেদের পেস আক্রমণ। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের মতো পেসারদের নিয়ে আশাবাদী অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে রোববার। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রস্তুতি, কন্ডিশন ও দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও দলের সবাই ফিট এবং খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় আমরা পাইনি। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবাইকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা যে কঠিন, সেটাও আমরা জানি। তবে দলের কয়েকজনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, সেই অভিজ্ঞতা দলের জন্য কাজে আসবে। তারা তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে, যা আমাদের সাহায্য করবে।’ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইতিবাচক দিক পেস বোলিংয়ে উন্নতি। একটা সময় দেশের বাইরে টেস্টে পেসারদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও এখন সেই জায়গায় পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই শক্তিকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে হাসান ও তাসকিনের ওপর আস্থা রাখছেন অধিনায়ক। শান্ত বলেন, ‘আমাদের এখন বেশ কয়েকজন মানসম্পন্ন ফাস্ট বোলার আছে। এই ধরনের কন্ডিশনে তারা খুব ভালো। বিশেষ করে হাসান ও তাসকিনের কথা বলতে পারি। সবাই আমাদের জন্য দারুণ কাজ করছে। আমি বিশ্বাস করি, এই কন্ডিশনে তারা দলের জন্য বিশেষ কিছু করতে পারবে। গত কয়েক বছরে তারা যে দক্ষতা অর্জন করেছে এবং যেভাবে নিজেদের প্রস্তুত করেছে, তা অসাধারণ। আশা করি, এখানে তারা ভালো ক্রিকেট খেলবে।’
পেসারদের ওপর আস্থা থাকলেও বোলিং আক্রমণে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত। তার ধারণা, তিন পেসারের সঙ্গে একজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এ ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও উল্লেখ করেছেন তিনি। শান্তর ভাষায়, ‘আমার মনে হয়, তিন পেসার তো অবশ্যই থাকবে। পাশাপাশি একজন স্পিনারও থাকা উচিত। দেখবেন, স্পিনাররাও ভালো অবদান রাখছে।
বিশেষ করে অস্ট্রেলিয়ায় তারা যেভাবে বোলিং করেছে, বিশেষ করে মিরাজ, তা ভালো ছিল। আমার মনে হয়, এই কম্বিনেশনেই আমরা যেতে পারি। তবে হাতে যেহেতু আরও এক দিন সময় আছে, কাল সকালে উইকেট আরেকবার দেখে সিদ্ধান্ত নেব।’ একাদশে বাড়তি ব্যাটার রাখার ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা। শান্ত জানিয়েছেন, কখনো কখনো এমন কন্ডিশনে বাড়তি ব্যাটার খেলানোর প্রয়োজন হতে পারে। তবে বাড়তি স্পিনার নাকি ব্যাটার, সেই সিদ্ধান্ত নেওয়া হবে উইকেট দেখে।
স্পিনারদের পাশাপাশি পার্টটাইম বোলারদেরও কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে তাওহীদ হৃদয় ও মুমিনুল হকের ওপর ভরসা রাখতে পারেন অধিনায়ক। পার্টটাইম বোলারদের নিয়ে শান্ত বলেন, ‘মুমিনুল ভাইকে বেশ কয়েক বছর আগে থেকেই বলা হয়েছে, যেন তিনি নিয়মিত নেটে বোলিং করেন।
তিনি সেটা করছেন। এর আগে আমরা যে কন্ডিশনে খেলেছিলাম, সেখানকার তুলনায় এই ভেন্যুর কন্ডিশন কিছুটা আলাদা। তাই আমার মনে হয়, এবার একটু ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে আমরা মাঠে নামতে পারি। পাশাপাশি হৃদয়ের বোলিংও গুরুত্বপূর্ণ।
ম্যাচে যদি কখনো এই বিষয়টি কাজে লাগে, সেটাই হবে আমাদের পরিকল্পনার সার্থকতা।’ তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েই বেশি ভাবনা শান্তর। এ ধরনের কন্ডিশনে উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলা কঠিন হলেও সেটিই করতে হবে ব্যাটারদের।
কোনো নির্দিষ্ট ব্যাটারের ওপর নির্ভর না করে পুরো ব্যাটিং ইউনিটের কাছ থেকে অবদান চান অধিনায়ক। শান্ত বলেন, ‘কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলতে চাই না। এই ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের ভালো করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা উইকেটে সেট হবে, তাদের লম্বা ইনিংস খেলতে হবে। সেটা তামিম হোক কিংবা অন্য কেউ।
এখানে ব্যাটিং অবশ্যই চ্যালেঞ্জিং। তবে প্রথম ইনিংসে যদি আমরা বড় সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, তা দিয়ে খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশা বেড়েছিল। কিন্তু পরের ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে।
এমন পরিস্থিতিতে চাপ না নিয়ে নিজেদের ভুল শুধরে সামনে এগিয়ে যেতে চান শান্ত। তিনি বলেন, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আমাদের গত দুই-তিনটি ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। তবে সেগুলো নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে কীভাবে ভালো করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।
সবাই মানসিকভাবে ভালো অবস্থানে আছে। আমি মনে করি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে এখানে ভালো করা সম্ভব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার সামর্থ্য নিজেদের আছে বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের ওপর বিশ্বাস থাকাটা জরুরি।
শান্ত বলেন, ‘আমার নিজেরও অনেক বিশ্বাস আছে। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। পুরো দল বিশ্বাস করে, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
ডিসি/আপ্র/১৪/১১/২০২৬