ভারতের হায়দরাবাদে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ‘ভারত সম্মেলনে’ যোগ দিতে আমন্ত্রণ পাওয়া ৩১৫ জনের মধ্যে ১১৫ জনকে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির সরকার। শেষ মুহূর্তে ভিসা বাতিল, ভিসা না দেওয়া এবং ভিসা থাকা সত্ত্বেও ভারতে আসতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বাধার মুখে পড়েছেন নরওয়ের নারী সাংবাদিক হেল লংও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক।
তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ অভিযোগ করেছেন। তাঁর উদ্যোগেই দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) তিনি বলেন, বিভিন্ন ধরনের মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির আপত্তির কারণ তিনি বুঝতে পারেন না। গণতন্ত্রে সবারই মতপ্রকাশের অধিকার রয়েছে। নরেন্দ্র মোদি নিজেকে একনায়ক মনে করেন, যিনি সব কণ্ঠরোধ করার অধিকার রাখেন বলে মন্তব্য করেন তিনি।
কংগ্রেস নেতা শশী থারুরও ভিসা না দেওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করেছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, সম্মেলনে যোগ দিতে ৩১৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ১১৫ জনকে আসার অনুমতি দেওয়া হয়নি। অনেকের ভিসা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
রেবন্ত রেড্ডি জানান, ডিসেম্বরে হায়দরাবাদে ‘ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট’ আয়োজনের আগে এ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশ্বিক আলোচনার জন্য গ্লোবাল সাউথে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই এর লক্ষ্য। শুক্রবার শুরু হওয়া সম্মেলনে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি চূড়ান্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। শনিবার এতে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সম্মেলনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিভিন্ন নীতি নিয়ে আলোচনা সব সময় জরুরি। তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়ন নিয়ে আলোচনার জন্য সম্মেলনে আটটি অধিবেশনের আয়োজন করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসের মতো হায়দরাবাদকেও বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। হায়দরাবাদকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।
এ সম্মেলনে ভারতসহ ৭০টি দেশ থেকে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো নির্মাণ ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেওয়ার কথা। সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে একটি অধিবেশনে নরওয়ের সাংবাদিক হেল লংয়ের অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়, তিনি ভারতে যেতে পারবেন না।
এক ভিডিও বার্তায় হেল লং বলেন, নরওয়েতে ভারতের দূতাবাস তাঁকে সব ধরনের সহযোগিতা করেছিল। রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর আটকে দেয়। শশী থারুর এ ঘটনাকে লজ্জাজনক উল্লেখ করে বলেন, একটি গর্বিত গণতন্ত্র এতটা অনিরাপদ বোধ করছে যে বিরুদ্ধস্বরও সহ্য করতে পারছে না।
তেলেঙ্গানার কংগ্রেসদলীয় সংসদ সদস্য ও গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সি কিরণ কুমার রেড্ডি জানিয়েছেন, ভিসা-সংক্রান্ত কড়াকড়ির কারণে প্রায় ৩০ শতাংশ আমন্ত্রিত ব্যক্তি সম্মেলনে যোগ দিতে পারেননি।
অন্যদিকে বিজেপি সম্মেলনটিকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। তেলেঙ্গানা বিজেপির সভাপতি রামচন্দ্র রাও ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির অভিযোগ, ভারতবিরোধী এবং সরকারের সমালোচকেরা এ সম্মেলনে একত্র হওয়ার চেষ্টা করছেন। রামচন্দ্র রাও প্রশ্ন তুলেছেন, রাজ্যে যখন অর্থসংকট চলছে, তখন এ আয়োজনে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা কী।
গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী কারণে ভিসা বাতিল করেছে, তা তাঁর জানা নেই। তবে ভিসা দেওয়া, না দেওয়া কিংবা বাতিল করা যেকোনো দেশের সরকারের সার্বভৌম অধিকার।
সানা/ডিসি/আপ্র/১৪/১১/২০২৬