ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছর বয়সী এক শিশু ও তার দাদি। গত শনিবার তাঁদের উদ্ধারে সেখানে পৌঁছান দুই ইউক্রেনীয় পুলিশ কর্মকর্তা। ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করে নিজেদের গাড়িতে নিরাপদ স্থানে নেওয়ার সময় আবারো ড্রোন হামলার শিকার হন তাঁরা। এতে নিহত হন পুলিশ কর্মকর্তা মিকোলা সাভচেঙ্কো। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার সময় নিজের শরীর দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই লক্ষ্যবস্তুতে পরপর দুবার হামলা ইউক্রেনের প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। তবে রাশিয়ার সাম্প্রতিক তৎপরতা শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নেই। মস্কো এখন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিচ্ছে।
প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকও হয়েছে। তবে সেখানে রুশ কূটনীতিকেরা এমন কিছু দাবি তুলেছেন, যা ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া কঠিন। অন্যদিকে, যুদ্ধের বর্তমান সম্মুখসারিতে লড়াই বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে কিয়েভ। মস্কো এখনো তাতে সম্মতি দেয়নি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন ভূপাতিত করার মতো পর্যাপ্ত প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় দেশটি এমন যুদ্ধবিরতি চাইছে।
রাশিয়ার নতুন দাবিগুলো মেনে নেওয়া হলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে আসা গোপন নথি অনুযায়ী, ন্যাটোকে মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে জোটের সদস্যসংখ্যা আর না বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে - এমনটাই চায় মস্কো।
এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলাদা অনাক্রমণ চুক্তি করতে চায় রাশিয়া। এসব চুক্তির আওতায় দেশগুলো একে অপরের ওপর আগ্রাসন চালাবে না। রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া কিংবা ফিনল্যান্ডের কাছে এ ধরনের প্রস্তাব আকর্ষণীয় মনে হতে পারে। আবুধাবির বৈঠকের পর রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন বলেছেন, ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গেও এমন চুক্তি করা যেতে পারে।
এ ধরনের চুক্তির মাধ্যমে ন্যাটোর সদস্যদেশগুলো রাশিয়ার কাছ থেকে আলাদা নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারে। কিন্তু একের পর এক দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি কার্যকর হলে ন্যাটোর মূল নীতিই দুর্বল হয়ে পড়বে। জোটটির ৩২টি সদস্যদেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি রয়েছে। এর ফলে একটি সদস্যদেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোও তার প্রতিরক্ষায় এগিয়ে আসার বাধ্যবাধকতার মধ্যে থাকে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বরিস বোন্দারেভ মনে করেন, এ ধরনের চুক্তির উদ্দেশ্য ন্যাটোকে ভেঙে দেওয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে তিনি চাকরি ছেড়েছিলেন। তাঁর মতে, চুক্তিগুলো কার্যকর হলে ইউরোপের দেশগুলোকে ন্যাটোর বাইরে গিয়ে আলাদাভাবে রাশিয়ার মুখোমুখি হতে হবে।
বোন্দারেভের ভাষায়, এমন চুক্তির মাধ্যমে ইউরোপ কোনো গুলি ছোড়া ছাড়াই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের প্রতিরক্ষায় একজন সেনাও হারাতে হবে না, একটি গোলাও খরচ করতে হবে না। তাঁর মতে, ইউরোপের ঐক্য এবং ন্যাটোর সংহতি দুর্বল করাই এ কৌশলের উদ্দেশ্য। ইউরোপের দেশগুলোর মধ্যে এমনিতেই নানা টানাপোড়েন রয়েছে।
রাশিয়ার এসব দাবি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে তুলে ধরা হয়েছে। তবে ইউরোপীয় নেতাদের কাছে তা উপস্থাপন করা হয়নি। বোন্দারেভের আশঙ্কা, প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত থাকতে পারে, যাতে কোনো স্বাক্ষরকারী দেশ অন্য ইউরোপীয় দেশকে সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে জড়াতে না পারে। তাতে মস্কোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার সুযোগ কার্যত নষ্ট হয়ে যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে রাশিয়ার দাবিগুলো অবাস্তব মনে হচ্ছে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অন্য এক বাস্তবতায় বাস করেন’। এর কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে কী চায়, তা কেউই ঠিকমতো বুঝতে পারছে না।
আবুধাবির আলোচনা কতটা কঠিন ছিল, তা জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়া। ২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে প্রতিটি আলোচনায় অংশ নেওয়া এই কর্মকর্তা গত বুধবার বলেন, এবারের আলোচনা ছিল অন্যতম জটিল। তাঁর মনে হয়েছে, রুশ প্রতিনিধিরা কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন। ফলে আলোচনায় অগ্রগতি অর্জন কঠিন হয়ে পড়েছিল।
আলোচনা দীর্ঘায়িত করে কিয়েভকে দুর্বল করার পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগও খুঁজছে মস্কো। ইউরোপের কয়েকটি দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে।
ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেন ইতিমধ্যে বলেছেন, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনকে দেওয়া ফ্রান্সের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন। অন্যদিকে, বাজেট, ঋণ ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিরোধের জেরে জার্মানির ক্ষমতাসীন জোট ভেঙে পড়লে আগাম নির্বাচনে ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) ক্ষমতায় আসার সুযোগ তৈরি হতে পারে।
এএফডিও ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করতে চায়। পাশাপাশি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে দলটি। লো পেন ও এএফডি নির্বাচনে জয়ী হলে ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা আরো অনিশ্চিত হয়ে পড়বে।
এমনিতেই মিত্রদের কাছ থেকে সহায়তা পেতে নানা সমস্যায় পড়ছে কিয়েভ। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশচ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একই অবস্থান নিলে ইউক্রেনের পক্ষে তার বিরুদ্ধে টিকে থাকা সম্ভব হবে না। ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে ভারসাম্য রেখে চলার যে সুযোগ এখনো ইউক্রেনের রয়েছে, সেটিও হারিয়ে যাবে। সূত্র: আল-জাজিরা
সানা/আপ্র/১৭/১১/২০২৬