যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনে দলটির নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। আহতদের মধ্যে চারজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সময় গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডনের মে ফেয়ার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য এর আয়োজন করে। অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে পুলিশ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান চলার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। তাঁদের উদ্দেশ্য ছিল নাহিদ ইসলামের সামনে বিক্ষোভ করা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়া হয়। হলের বাইরের অংশে কয়েকজন অতিথিকে মারধরও করা হয়। সংঘর্ষের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে হামলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
নাহিদ ইসলাম লিখেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে।
“এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।”
পোস্টে তিনি আরো বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্য এক পোস্টে সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এনসিপি আহ্বায়ক। একই সঙ্গে হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নাহিদ ইসলাম হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ ও বিক্ষোভের মধ্যে নাহিদ ইসলাম সরাসরি বিক্ষোভকারীদের মুখোমুখি হননি। সন্ধ্যার অনুষ্ঠানের তিন ঘণ্টারও বেশি আগে, বেলা ৩টায় তিনি মে ফেয়ার হলে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে মূল প্রবেশপথের পরিবর্তে হলের পেছনের দরজা দিয়ে বের হন তিনি।
এর আগে শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামের কর্মসূচি ঘিরে তাঁকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বলে অভিযোগ রয়েছে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬