জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন শাখা ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে হেনস্তা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এ ঘটনা ঘটানো হয়। মারধরের পর পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে আটকে রাখেন নেতা-কর্মীরা। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিও জানান তাঁরা।
মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের দাবি, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাঁদের অভিযোগ, এসব ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ ধরনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করে তাঁদের শনাক্তের উদ্যোগ নিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁর কার্যালয় থেকে ধরে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।
এরপর বিজ্ঞান অনুষদে গিয়ে কয়েকজন কর্মকর্তাকে খোঁজাখুঁজি করেন তাঁরা। সেখানে তাঁদের না পেয়ে ফিরে আসার সময় ছাত্রশক্তির নেতা-কর্মীরা যোগ দেন। পরে দুই সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’
ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাকটিভিজম চালায়, তাদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’
বিক্ষোভ শেষে আবার বিভিন্ন দপ্তর ও বিভাগে অভিযান চালান দুই সংগঠনের নেতা-কর্মীরা। দ্বিতীয় দফায় রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর করা হয়। এ সময় তাঁর শার্ট ছিঁড়ে যায়। পরে তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর ভাষাশহীদ রফিক ভবনে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পেয়ে সেটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
পরে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে গিয়ে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। টেনেহিঁচড়ে নেওয়ার সময় তাঁর শার্টও ছিঁড়ে ফেলা হয়। বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে সেকশন অফিসার নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একইভাবে মারধরের পর ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনিকে সেখানে নেওয়া হয়।
বিকেল সাড়ে পাঁচটায় প্রতিবেদন তৈরির সময় পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছিল। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি বৈঠক চলছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। আমরা সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
তবে যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সহিংসতায় অর্থায়নের অভিযোগ আনা হয়েছে, তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই হওয়ার তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত ও যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফলে অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই।
সানা/আপ্র/১৬/১১/২০২৬